২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পিটুনিতে নিহত সবাই ছাত্র

সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতরা সবাই ছাত্র। তারা মিরপুরের দারুস সালাম ও শ্যামলী এলাকার বাসিন্দা। ঘটনাটি ডাকাতি বলে প্রচার করা হলেও বেঁচে যাওয়া যুবক জানিয়েছেন তারা ডাকাত নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ছয় যুবকের সবাই ছাত্র। সোমবার ভোররাতে ডাকাত সন্দেহে বড়দেশী এলাকার কেবলার চরে স্থানীয়দের পিটুনিতে তারা নিহত হন। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর স্বজনরা লাশ সনাক্ত করে। নিহতদের মধ্যে বাংলা কলেজের তিন ছাত্র হলেন- অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, তৃতীয় বর্ষের (পদার্থ) তৌহিদুর রহমান পলাশ ও প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জাম কান্ত। এ ছাড়া অপর কলেজ ছাত্র হলেন টিপু সুলতান, যিনি তেজগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। শামস্ রহিম শাম্মাম নগরীর মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 'এ' লেভেলের ছাত্র। তার বাবা আইনজীবী আমিনুর রহমান। এর বাইরে মনির সেতাফ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিবিএতে পড়তেন। স্বজনরা জানিয়েছেন, তাদের সবার বাড়ি মিরপুরের দারুস সালাম ও শ্যামলী এলাকায়। ইব্রাহিমের চাচা আব্দুল বারেক জানান, দুই ভাইবোনের মধ্যে সে ছিলো বড়। তার বাবা আবু তাহের কল্যাণপুরে ফলের ব্যবসা করেন। মাদারীপুরের কালকিনির পূর্ব খানদলীর কাজিবাঁকাই গ্রামে তাদের পৈত্রিক নিবাস। আবু তাহের বলেন, "অনেক কষ্ট করে ছেলের কলেজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। গতকাল রাত ১২টার দিকে পাঞ্জাবি-পায়জামা পরে নামাজের জন্য বের হয়। আর আজ ফিরলো লাশ হয়ে...।" শাম্মামের আত্মীয় রিফাত শাহরিরয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাম্মাম খুবই মেধাবী ছিলো। পড়াশোনা পাশাপাশি খেলাধূলায়ও ছিলো বেশ ঝোঁক। ডাকাতি করার তো প্রশ্নই আসে না। তবে এই ঘটনায় পুলিশের বক্তব্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। তারা অস্ত্র উদ্ধারের দাবি করলেও বেঁচে যাওয়া একমাত্র যুবক আল-আমিন (২২) জানিয়েছেন, তাদের কাছে কোনো অস্ত্র ছিলো না। পুলিশের বক্তব্য সাভার মডেল থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক পৌনে ২টার দিকে ওই এলাকায় সাত সদস্যের এক দল ডাকাত ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। অন্যজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে সাভার থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি রাম দা, দুটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন পুলিশ কর্মকর্তা আমিনুর। আহতের বক্তব্য আল-আমিন জানান, তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার শিপার পাড় এলাকায়। তিনি সাংবাদিকদের বলেন, রাজধানীর মাদার ফুট ওয়্যারের বিক্রয় প্রতিনিধি তিনি। নিহত ছয় জনই তার ঘনিষ্ঠ বন্ধু। "আমরা সাত বন্ধু মিলে রাতে রিকশা করে দারুসসালাম থেকে পর্বত সিনেমা হলের সামনে নামি। পরে পায়ে হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে বড়দেশী বালুর মাঠে এসে মাদক সেবন করি। এরই মধ্যে বেশ কিছু লোক এসে হামলা চালায়।" পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথা বললেও তাদের সঙ্গে কোনো ধরনের অস্ত্র ছিলো না বলে দাবি করেন আল-আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এএল/এমআই/১৩২৪ ঘ.