ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা দিয়ে তারেক রহমানকে দমিয়ে রাখা যাবে না, বরং এতে তার 'জনপ্রিয়তা' আরো বাড়বে বলেই মনে করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার বিকালে রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমবেশে তিনি বলেন, "যতো মামলা হবে, হামলা-আঘাত আসবে, ততোই তারেক রহমান আরো জনপ্রিয় বক্তিত্বে পরিণত হবেন। রাজপথে নেমেছি বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তারেক রহমান আমাদের আদর্শের প্রতীক। তার ওপর আঘাত ছাত্রদল জীবন দিয়ে হলেও রুখবে।"
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ছাত্রদল।
বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ২১ অগাস্টে গ্রেনেড হামলার ঘটনায় তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সমাবেশে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে আন্দোলন থেকে সরানো যাবে না। তারেক রহমানকে এ দেশের মানুষ জানে। মিথ্যা অপপ্রচার করে লাভ হবে না।"
২১ অগাস্ট গ্রেনেড মামলায় তারেককে জড়ানো একটি ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ছাত্রদলের সহ-সভাপতি হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, বজলুল করিম চৌধুরী আবেদ, শেখ মো. শামীম, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ ইমরান, আনোয়ার হোসেন টিপু, ফখরুল ইসলাম রবিন, কামাল আনোয়ার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৯০৬ ঘ.
bdnews24