বাগেরহাটে ছয়জনের যাবজ্জীবন
বাগেরহাটে একটি হত্যা মামলায় এক তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বাগেরহাট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি হত্যা মামলায় এক তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহ এ রায় দেন বলে জানান মামালার আইনজীবী।
দণ্ডিতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফরিদ মোল্লা ওরফে মারুফ মোল্লা, সুগন্ধী গ্রামের ইলিয়াস ঢালী, তুহিন, ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের সাইদ, মোড়েলগঞ্জের খালকুলিয়া গ্রামের আব্দুস সোবাহান এবং নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামের সাইফুজ্জামান বাবু।
এদের মধ্যে সাঈদ ও সোবাহান পলাতক রয়েছেন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সমরকৃষ্ণ মণ্ডল জানান, ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের মজনেয়ার ফকিরের সঙ্গে সদর উপজেলার সুগন্ধি গ্রামের ইলিয়াস ঢালীর পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে মজনেয়ারকে হত্যার জন্য ইলিয়াস টাকার বিনিময়ে খুনী ভাড়া করেন।
২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সদর উপজেলার রাখালগাছি বাজারে মজনেয়ারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
২৮ সেপ্টেম্বর নিহত মজনেয়ারের চাচা ফকির নজরুল ইসলাম বাদী হয়ে ইলিয়াসসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৪ সালের ২৯ ফেব্র"য়ারি এই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় অভিযুক্ত আট আসামির মধ্যে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাদশা মারা যাওয়ায় এবং বাগেরহাট সদর উপজেলার রণভূমি গ্রামের সাইফুল ইসলামের বিরুদ্ধে আভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন খান মোহম্মদ আলী বাদশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২২ ঘ.
