ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জয়নুল আবদিন ফারুক আহত হওয়া, সংসদ এলাকায় মিছিল, ও পুলিশের কাজে বাধা দেওয়া বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে হরতাল চলাকালে এই ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক হিসাবেও আখ্যায়িত করেন।
এই বিধিতে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে স্পিকারের সম্মতিতে কোনো মন্ত্রী বক্তব্য দিতে পারেন। বিধি অনুযায়ী মন্ত্রী বক্তব্য দেওয়ার সময় তা নিয়ে প্রশ্ন করা যাবে না।
ফারুকের আহত হওয়ার ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথাও জানান সাহারা।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
বিরোধীদলীয় সাংসদদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সংসদ চলাকালে সংসদ ভবন এলাকায় অঘটন ঘটালেন। সংসদের পবিত্রতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। এ ধরণের ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহবান জানাচ্ছি।"
বিবৃতি দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক প্রথম আলোয় প্রকাশিত দুটি আলোকচিত্র দেখান। এতে দেখা যায়- বিরোধীদলীয় প্রধান হুইপ গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ছেন এবং এক পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন।
ঘটনার বর্ণনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে সাহারা খাতুন বলেন, জয়নুল আবদিন ফারুক বুধবার সকালে সংসদ ভবনের দক্ষিণ-পূর্ব দিক থেকে মহিলা সাংসদদের নিয়ে মিছিল করতে চাইলে, পুলিশ তাদের বাধা দেন। তারা মিছিল নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে চাইলে গেট ম্যান তাদের বাধা দিলে জয়নুল আবদিন ফারুক তাকে থাপ্পড় মারেন।
"এরপর, তারা মিছিল নিয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ তাদের বাধা দিলে, তারা পুনরায় সংসদ ভবন এলাকায় ফিরে আসেন। এসময়, বিরোধীদলীয় প্রধান হুইপ গাড়ি ভাংচুর করতে চাইলে তিনি পুলিশের সদস্যদের 'তুই-তুকারি' করে গালিগালাজ করেন।"
এসব কথা উল্লেখ করে সাহারা বলেন, "পুলিশ সদস্যরা জয়নুল আবদিন ফারুককে বাধা দিলে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দেন। বিএনপি ক্ষমতায় এলে তাদের চাকরিচ্যুত করার হুমকিও দেন।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জয়নুল আবদিন ফারুক কর্তব্যরত একজন ডিসিকে লাঞ্ছিত করেন। একজন উপ-পুলিশ কমিশনার বিরোধীদলীয় চিফ হুইপকে নিবৃত করতে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
"এসময় ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তিনি (জয়নুল আবদিন ফারুক) পড়ে যান এবং মাথায় আঘাত পান। এজন্য, আমি দুঃখ প্রকাশ করছি।"
'বিএনপি নেতাদের মিল-কারখানা খোলা'
হরতাল চলাকালে বিএনপি নেতাদের মালিকানাধীন মিল-কারখানা খোলা ছিলো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "৭৫টি গার্মেন্ট খোলা ছিলো বলে খবর নিতে পেরেছি। এর মধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীতে তাদের সব কারখানা খোলা ছিলো।"
"বিরোধীদলীয় চিফ হুইপের দু'টি গার্মেন্ট (জে এ এফ এবং ড্যাব) খোলা ছিলো।"
সাহারা দাবি করেন, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে।
এরপর, একই প্রসঙ্গে স্পিকার আব্দুল হামিদ বলেন, "আসলে সমস্ত ঘটনা দুঃখজনক। এখন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।"
এসময়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০২১ ঘ.
bdnews24