ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপিসহ চার দলের হরতালের প্রথম দিনে জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় কাজ কর্ম স্বাভাবিক থাকলেও উপস্থিতি ছিলো কিছুটা কম।
হরতালের কারণে দর্শনার্থীর ভিড় এবং রাস্তায় যানজট না থাকায় বুধবার সকাল থেকেই কর্মকর্তা ও কর্মচারীরা তাদের নিয়মিত কাজ শুরু করতে পেরেছেন।
কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কর্মী বহনকারী সরকারি গাড়িগুলো সকাল ৯টার মধ্যেই সচিবালয়ের প্রধান ফটকের সামনে হাজির হয়।
বুধবার সচিবালয়ে দর্শনার্থী না থাকা ও কোনো নির্ধারিত সভা বা বৈঠক না থাকায় বাইরের গাড়িও তেমন একটা ঢোকেনি। ফলে গাড়ি রাখার স্থানসহ সচিবালয়ে লিফটগুলো ছিলো ফাঁকা।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জানান, সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি নিশ্চিত হয়। এদিন উপস্থিতির হার ছিলো ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত।
সকাল ১০টার মধ্যেই বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিাবলয়ের কার্যালয়ে উপস্থিত হন।
সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার তথ্য অনুযায়ী, তাদের কর্মকর্তাদের কর্মকর্তাদের উপস্থিতি ছিল প্রায় শতভাগ। তবে কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা কম দেখা যায়। ছুটিতে থাকা তাদের কর্মচারিও অনুপস্থিত রয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ঘুরেও স্বাভাবিক উপস্থিতি দেখা যায়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন নারী কর্মকর্তা জানান, অন্য দিনে তিনি ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু সোমবার তিনি ৯টার মধ্যেই সচিবালয়ে পৌঁছান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২০ ঘ.
bdnews24