২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতাল ডাকার অধিকার তেল-গ্যাস কমিটির নেই'

কনকো-ফিলপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস কমিটির ডাকা হরতালকে 'অযৌক্তিক' উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, হরতাল ডাকার কোনো অধিকার তাদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস কমিটির ডাকা হরতালকে 'অযৌক্তিক' উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, হরতাল ডাকার কোনো অধিকার তাদের নেই। গ্যাস উত্তোলনে কনকো-ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রোববার ঢাকা মহানগরীতে আধাবেলার এই হরতাল ডেকেছে। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা কার্যালয়ে তিতাস ও বাখরাবাদ গ্যাসের মধ্যে এক ভেন্ডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, "জাতীয় কমিটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তাদের পক্ষে জনগণের সর্মথন নেই। তাই তারা হরতাল ডাকতে পারে না। কিসের অধিকারে তারা হরতাল ডেকেছে? এ হরতালের কোনো যৌক্তিকতা নেই।" দেশের স্বার্থেই কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করা হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "দেশে এতো গ্যাস সংকট। এই সংকট মেটাতে কোথায় গ্যাস পাবো! তবুও তারা বোঝে না। এদের কে বোঝাবে? আসলে এরা দেশের স্বার্থবিরোধী চক্রান্তে লিপ্ত।" পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর অনুষ্ঠানে বলেন, "জাতীয় কমিটির সদস্য সচিব (আনু মুহম্মদ) একজন অর্থনীতিবিদ, তিনি এ চুক্তি নিয়ে অনেক কথা বলেন, অনেক হিসাব-নিকাশ কষেন। রোববারের হরতাল হলে দেশের যে আর্থিক ক্ষতি হবে- আশা করি তার হিসাবও তিনি জনগণের কাছে তুলে ধরবেন।" এভাবে হরতাল ডেকে ক্ষতি না করে জাতীয় কমিটিকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। বঙ্গোপসাগরে ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে গত ১৬ জুন এই উৎপাদন-বণ্টন অংশিদারিত্ব (পিএসসি) চুক্তি করে সরকার। এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে ক্ষমতাসীন জোটের সাংসদ রাশেদ খান মেনন গত শনিবার বলেন, এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশও রোববার একই সময়ে ঢাকায় হরতাল ডেকেছে। তিতাস-বাখরাবাদ ভেন্ডর চুক্তি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের (টিজিটিডিসিএল) ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ গ্যাস বিতরণ এলাকা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের (বিজিডিসিএল) কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে পেট্রোবাংলা কার্যালয়ে টিজিটিডিসিএল-এর সচিব আবুল বাশার এবং বিজিডিসিএল-এর সচিব মাহফুজ উল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে ভেন্ডর চুক্তিতে সই করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর অনুষ্ঠানে জানান, পেট্রোবাংলার আওতাধীন এ দুটি কোম্পানির কর্ম-এলাকা পুনর্বিন্যাস করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বিজিডিসিএল এবং ঢাকা মহানগরী, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ এলাকায় টিজিটিডিসিএল গ্যাস সরবরাহ করবে বলে জানান তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ছাড়াও জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন, টিজিটিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ খান ও বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০১১ ঘ.