২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ দিন পর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নিখাঁজ হওয়ার ১৯দিন পর শেরপুর সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

শেরপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখাঁজ হওয়ার ১৯দিন পর শেরপুর সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভীমগঞ্জ বাজারে একটি সেপটিক ট্যাংক থেকে নূরজাহানের (২৫) লাশ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে তার স্বামী শফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ১২জুন রাত থেকে নূরজাহান নিখোঁজ ছিলেন। তিনি সদর উপজেলার চকপাড়া গ্রামের নূর হোসেনের মেয়ে। শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, ১০/১২ বছর আগে নূরজাহানের সঙ্গে তারাগড় নয়াপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। তাদের দুই মেয়ে রয়েছে। শফিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, গত ১২ জুন শেষ রাতে নূরজাহানকে গলা টিপে হত্যার পর পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেয়। ওসি আরো বলেন, শফিকুলের চালচলনে এলাকাবাসীর সন্দেহ হলে শুক্রবার তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে শফিকুলের দেখিয়ে দেওয়া স্থান থেকে বিকালে নূরজাহানের গলিত লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, নিখোঁজ হওয়ার পর নূরজাহানের মা হাবিবা বেগম গত ২৫ জুন সদর থানায় একটি জিডি করেছিলেন। এখন তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্বামী শফিকুল সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে গলা টিপে তিনি নূরজাহানকে হত্যা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.