ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর একদিন পরই শনিবার ঢাকায় এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
হাজারীবাগের কোম্পানী ঘাট বেড়িবাধে বিকালে এই জনসভা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এর আগে, এই জনসভাটি হওয়ার কথা ছিলো হাজারীবাগ পার্কে।
বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাস হয়। এই সংশোধনীর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির। বিএনপি সংবিধান সংশোধনের তীব্র বিরোধিতা করে আসছে।
বিভিন্ন মহলের সমালোচনা থাকলেও সংবিধানে বহাল থাকছে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিছমিল্লাহ,,,'।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাসের পরই সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য রাখেন। আন্দোলনের নামে জনজীবনে ভোগান্তি সৃষ্টি না করে নতুন কোনো ফর্মুলা থাকলে বিরোধীদলকে তা জাতীয় সংসদে এসে উপস্থাপনেরও আহবান জানান তিনি।
আন্দোলনরত ইসলামী দলগুলোর উদ্দেশ্যে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বাদ দেওয়া হয়নি। ওই দলগলো কেনো বিভ্রান্তি সৃষ্টি করছে- তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবিধান সংশোধনের পর বৃহস্পতিবার বিকালেই এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংঘাত এখন অনিবার্য। তিনি সংশোধিত সংবিধানকে 'আওয়ামী লীগের ইশতেহার' বলে অভিহিত করেন।
অন্যদিকে, ৭২ এর সংবিধানে পুরোপুরি ফিরে না যাওয়ায় বাম দলগুলো তীব্র ভাষায় সরকারের সমালোচনা করছেন। মহাজোটের শরিক বাম দলগুলোর নেতারা তাদের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট দিয়ে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছেন।
জনসভার আগে প্রধানমন্ত্রী হাজারীবাগে একটি ফায়ার স্টেশন উদ্বোধন এবং শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেসা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/ ২২০৩ ঘ.
bdnews24