মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের জন্য দায়ী করে ঢাকায় রিকশা চলাচল সঙ্কুচিত করা হলেও দুর্ভোগ কমেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যানজটের প্রধান কারণ প্রাইভেট গাড়ির সংখ্যাবৃদ্ধি। তা নিয়ন্ত্রণের পাশাপাশি গণপরিবহণ ব্যবস্থার উন্নয়নের পরামর্শ দিয়েছেন তারা।
ঢাকার পরিবহণ নিয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, রাজধানীর মোট রাস্তার ৫৪ দশমিক ২ শতাংশ জায়গা দখল রেখে প্রাইভেটকার সব ট্রিপের মাত্র ৮ দশমিক ৫২ শতাংশ চাহিদা পূরণ করছে।
অন্যদিকে বিভিন্ন সড়কে নিষিদ্ধ হওয়ার আগে রিকশা রাস্তার ৪৩ দশমিক ৫ শতাংশ জায়গা দখল করলেও সব ট্রিপের ৫৯ দশমিক ৪ শতাংশ সম্পন্ন করতো।
বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে গণপরিবহন ব্যবস্থার প্রসারের বিকল্প নেই। বাস চলাচলের পথে প্রাইভেট গাড়ি চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প ব্যবস্থা না করে রিকশা উচ্ছেদের বিপক্ষেও মত দিয়েছেন অনেকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এএসএম মাহাবুবুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ না করে পৃথিবীর বড় কোনো শহরে যানজট সমস্যার সমাধান হয়েছে বলে আমার জানা নেই।"
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালে ঢাকা শহরে প্রাইভেট গাড়ির বৃদ্ধির হার ছিলো ৮ দশমিক ৯৯ শতাংশ। ২০০৯ সালে যা বেড়ে ৩৯ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।
"এ কয়েক বছরে পাবলিক বাসের সংখ্যা সেভাবে বাড়েনি বললেই চলে", বলেন তিনি।
১৯৯৪ সালে ঢাকার মানুষের দৈনিক ট্রিপের (যাতায়াত) সংখ্যা ছিলো ৮৫ লাখ। ২০১০ সালের ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি (ডিএইচইউটিএস) প্রতিবেদনে এ সংখ্যা দেখানো হয়েছে ২ কোটি ৫ লাখ। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় যোগাযোগ মন্ত্রণালয় ও ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এ গবেষণা চালায়।
"এ ১৫ বছরে মানুষের যাতায়াত আড়াইগুণ বাড়লেও গণপরিবহন ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। অথচ অধিকাংশ মানুষের যাতায়াতের প্রধান বাহন পাবলিক বাসকে প্রাইভেট কারের কারণে সৃষ্ট যানজটের জন্য প্রতি ঘণ্টায় ৬৪০ টাকা লোকসান দিতে হয়। আর এ লসটাও বহন করছে সাধারণ মানুষ", বলেন হাবিব।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত ঢাকা শহরে নিবন্ধিত প্রাইভেট গাড়ির সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮৪০টি।
ডিএইচইউটিএস প্রতিবেদনে দেখানো হয়েছে, একটি রিকশা সারাদিনে গড়ে ৫০-৬০ জন যাত্রী বহন করে। প্রাইভেটকার রিকশার চেয়ে আড়াইগুণ বেশি জায়গা নিয়েও বহন করে গড়ে ৩-৪ জন যাত্রী। চলাচলের ১০ শতাংশ সময় বাদে প্রাইভেট গাড়ি বাকি ৯০ শতাংশ সময় পার্কিং এ থাকায় রাস্তা বা মার্কেটের কোনো না কোনো জায়গা দখল করে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা শহরে ৫ কিলোমিটারের বেশি দূরপাল্লার যাত্রা ২৫ শতাংশ, আর ৭৫ শতাংশ যাতায়াত অল্প দূরত্বের যা গড়ে ২ দশমিক ৭৬ কিলোমিটার।
"এত অল্প দূরত্বে প্রাইভেটকারের মুভমেন্ট যানজট আরো বাড়িয়ে তোলে। এছাড়া প্রাইভেটকার যে সমস্ত ট্রিপ জেনারেট করে তার অন্তত ৪০ শতাংশ ইউজলেস। আর অনেক এলাকায় রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইচ্ছে না থাকলেও মধ্যবিত্ত অনেকে গাড়ি কিনতে বাধ্য হচ্ছেন", বলেন মাহাবুবুন্নবী।
ডিটিসিবি অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. সালাউদ্দিন আহমেদ প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাস ট্রানজিটের ব্যবস্থা না করে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।"
সঙ্কট নিরসনে আগামী ২০ বছরে নতুন ৫৪টি রাস্তা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
তবে যুক্তরাজ্যের ক্রয়ডন শহর কর্তৃপক্ষের সাবেক পরিবহণ পরামর্শক এবং বর্তমানে রুয়ান্ডার যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাবুবুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যদি প্রাইভেট গাড়ি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তাহলে সরকার যত বেশি রাস্তাই করুক না কেন, সঙ্কট কখনো দূূর হবে না।"
রিকসা যানজটের মূল কারণ নয়
ঢাকার ট্রাফিক ব্যবস্থার অন্তরায় হিসেবে রিকশা এবং অন্যান্য অযান্ত্রিক যানবাহনকে চিহ্নিত করে ১৭ ডিসেম্বর ২০০২ সালে গাবতলী থেকে রাসেল স্কয়ার পর্যন্ত (মিরপুর ডেমোনেস্ট্রশন করিডোর) রিকশাসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে সরকার।
কিন্তু ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রোজেক্ট (ডিইউটিপি)'র 'আফটার প্রোজেক্ট' প্রতিবেদনে দেখা যায়, নিষিদ্ধ হওয়ার আগে সব অযান্ত্রিক যান বিশেষত রিকশা রাস্তার ৪৩ দশমিক ৫ শতাংশ জায়গা দখল করলেও সব ট্রিপের ৫৯ দশমিক ৪ শতাংশ সম্পন্ন করতো। আর প্রাইভেটকার ২৯ দশমিক ৯ শতাংশ জায়গা নিয়ে সম্পন্ন করতো ৫ দশমিক ৫ শতাংশ ট্রিপ।
কিন্তু অযান্ত্রিক যান নিষিদ্ধ হওয়ার চার বছর পর মোট রাস্তার ৫৪ দশমিক ২ শতাংশ জায়গা নিয়েও প্রাইভেটকার সব ট্রিপের মাত্র ৮ দশমিক ৫২ শতাংশ চাহিদা পূরণ করছে।
"সরকারি-বেসরকারি সব রিপোর্টেই দেখা যায়, রিকশা উচ্ছেদের ফলে যানজট পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও অল্পদিনের মধ্যেই পরিস্থিতি আগের অবস্থা ছাড়িয়ে গেছে। এসব অযান্ত্রিক যানের জায়গা নিয়েছে প্রাইভেট গাড়ি", বলেন মাহাবুবুন্নবী।
এরপর সরকার একে একে আরো অন্তত ১১টি সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয়। ঢাকা ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মাহাবুবুর রহমান মনে করেন, যানজটের জন্য মূলত দায়ী রিকশা এবং মানুষের আইন মেনে না চলার প্রবণতা।
অথচ ডিএইচইউটিএস-এর প্রতিবেদনে দেখা যায়, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সব ট্রিপের ৩৮ দশমিক ৭ শতাংশ রিকসা, ২৮ দশমিক ৫ শতাংশ পাবলিক বাস, ১৯ শতাংশ হেঁটে সম্পন্ন হয়। প্রাইভেটকার সম্পন্ন করে ৫ দশমিক ২ শতাংশ ট্রিপ। রিকশা উচ্ছেদের এই নয় বছরে মিরপুর সড়কে গড় গতি ১৭ দশমিক ৪ কিলোমিটার থেকে ৮ কিলোমিটারে নেমে আসে।
মাহাবুবুন্নবী বলেন, "ঢাকার রাস্তাগুলোর গড় গতি ৬ মাইল এবং কোথাও কোথাও ৪ মাইল। রিকশা উঠিয়ে এ গতিটাকে ১২ মাইল করতে পারলে একটা কাজের কথা হতে পারতো।"
যানজট নিরসনে করণীয়
গণপরিবহন ব্যবস্থার উন্নতি হলে প্রাইভেট গাড়ি ব্যবহারের প্রবণতা এমনিতেই কমে আসবে বলে মনে করেন স্থপতি ইকবাল হাবিব। এছাড়া প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণের জন্য শুল্ক বাড়ানোসহ গাড়ি চলাচলের উপযোগী মোট রাস্তার অনুপাতে প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক গাড়ি নিবন্ধন দেওয়ার সুপারিশ করেন তিনি।
একই সঙ্গে এসটিপি অনুযায়ী, গাজীপুর থেকে টঙ্গী হয়ে শাহজালাল বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত ডেডিকেটেড বাস রুটের কাজ শুরুর তাগিদ দেন তিনি।
এসটিপি'র অন্যতম উপদেষ্টা এবং ডিটিসিবি'র জ্যেষ্ঠ পরামর্শক তানভীর নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮০ মিলিয়ন ডলারের ডেডিকেটেড বাস রুটের কাজ এ বছর না হলেও আগামী বছরের প্রথম দিকে শুরু হতে যাচ্ছে।"
শহরের মোট ২৫০ কিলোমিটার চলাচলের জায়গার মধ্যে ২৫ শতাংশ বাস চলাচলের উপযোগী রাস্তায় প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণের পক্ষে মত দেন মাহাবুবুন্নবী।
এলাকাভেদে রিকশাগুলোর আলাদা রঙ করে এক এলাকার রিকশার অন্য এলাকায় যাওয়া বন্ধ করার সুপারিশ করেন তিনি। ডিটিসিবি'র সালাউদ্দিন আহমেদ এবং স্থপতি হাবিবও তার সঙ্গে একমত পোষণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১০৪৫ ঘ.
bdnews24