২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'মেয়র মনজুরের আপিল আবেদনের গ্রহণযোগ্যতা নেই'

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মনজুর আলমের করা মামলা খারিজের আপিল আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে মত দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মনজুর আলমের করা মামলা খারিজের আপিল আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে মত দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। ফলে মেয়র মনজুর আলমের বিরুদ্ধে সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর করা নির্বাচনী মামলা চলতে আর কোনো বাধা রইলোনা। বৃহস্পতিবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ বিকাশ শর্মা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ এইচ হুমায়ুন কবীরের সমন্বয়ে গঠিত নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের যৌথ বেঞ্চ মামলা খারিজের আপিল আবেদনকে অগ্রহণযোগ্য ঘোষণা করেন। মামলা খারিজের বিরুদ্ধে মনজুর আলমের পুনরায় আপিল আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি সম্পন্ন হয় গত মঙ্গলবার। এবিএম মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌথ বেঞ্চ আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে তা খারিজ করে দিয়েছে। তিনি বলেন, এর ফলে নির্বাচনী আদালতে আমার মক্কেলের করা মামলা পরিচালনায় আর কোনো বাধা রইলো না। প্রায় নয় মাস আগে সাবেক মেয়রের দায়ের করা মামলা সরাসরি খারিজের আবেদন করেন মনজুর আলম। গত বছরের ২০ অক্টোবর তৎকালীন প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক সরাসরি মামলা খারিজের আবেদন নাকচ করে দেন। নাকচের বিরুদ্ধে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মনজুর আলম পুনরায় আপিল করেন। এতদিন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় এর গ্রহণযোগ্যতার ওপর শুনানি হতে পারে নি। মনজুর আলমের আইনজীবী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত ভুল ব্যাখ্যা দিয়ে আপিল আবেদন খারিজের আদেশ দিয়েছে। আমরা এতে সংক্ষুব্ধ হয়েছি।" এ আদেশের বিরুদ্ধে মেয়র মনজুর আলম উচ্চ আদালতে যাবেন বলে তিনি জানান। মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বিজয়ী প্রার্থী এম মনজুর আলমকে অবৈধ ঘোষণা ও নির্বাচন বাতিল বা নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে গত বছরের ১৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় মনজুর আলমের মালিকাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ ২৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায়ের বিষয়টি হলফনামায় উল্লেখ না করা, নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এইচএ/১৮৩৮ ঘ.