পটুয়াখালী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের কবলে পড়ে পটুয়াখালী উপকূলে আশ্রয় নেওয়া ৭৯ জন ভারতীয় জেলেকে সে দেশের দূতাবাসের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকালে পটুয়াখালী কারাগার থেকে জেলেদের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বলবীর সিং এর হেফাজতে তুলে দেওয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর ভারপ্রাপ্ত কারাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কারারক্ষক মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত শুক্র ও শনিবার এসব জেলে ঝড়ের কবলে পড়ে সাগরে দিক হারিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আশ্রয় নেয়। উপকূল রক্ষী বাহিনী তাদের উদ্ধারের পর রোববার আদালতের মাধ্যমে তাদের কারা হেফাজতে পাঠানো হয়।
পরে ভারতীয় দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হয়।
ওসি মো. মনিরুজ্জামান জানান, বলবীর সিং ভারতীয় জেলেদের নিয়ে কলাপাড়া উপজেলার মহিপুর চলে গেছেন।
সেখানে কোস্টগার্ডের পাহারায় জেলেদের ভারতীয় ট্রলারে তুলে দেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৪০ ঘ.
bdnews24