২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনিপেটুইউর ২২ বিনিয়োগকারীর টাকা ফেরত কেন নয়'

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউ'র ২২ জন বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউ'র ২২ জন বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ইউনিপেটুইউ'র ব্যবস্থাপনা পরিচালকসহ তিনটি ব্যাংকের কর্তৃপক্ষকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। বিনিয়োগকারীদের একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই রুল জারি করেন। ইউনিপেটুইউতে বিনিয়োগ করা অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে মেহেরুন্নেসা ডলিসহ চট্টগ্রামের ২২ জন বিনিয়োগকারী ২০১০ সালের ১৩ মে এই রিট আবেদন করেন। বিভিন্ন এমএলএম প্রতিষ্ঠান উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগ ওঠার পর সরকার গত বছর এ ধরনের ব্যবসা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। গত ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে বলা হয়, এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান বিদেশে সোনার বাজার কিংবা মুদ্রা বাজারে বিনিয়োগের নামে মাসে ১০ শতাংশেরও বেশি মুনাফার আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে। ওই সময় দুর্নীতি দমন কমিশন কিছু এমএলএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে এবং বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করে। জনগণকে প্রতারিত করায় ইউনিপেটুইউ'র বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী। মঙ্গলবার আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মো. নাজমুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৪৩ ঘ.