২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় নিহত ৫

পঞ্চগড়, সিরাজগঞ্জ, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বরগুনায় পানির ট্যাঙ্কে পড়ে মারা যায় এক শিশু। নারায়ণগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে ইজিবাইক খাদে পড়ে আহত হন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়, সিরাজগঞ্জ, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বরগুনায় পানির ট্যাঙ্কে পড়ে মারা যায় এক শিশু। নারায়ণগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে ইজিবাইক খাদে পড়ে আহত হন অন্তত ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চাপায় সুমন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই এলাকার বামনপাড়া গ্রামের তোতা মিয়ার একমাত্র ছেলে। সুমনের বাবা তোতা মিয়া জানান, নির্বাচনী দায়িত্ব পালনের সময় তেঁতুলিয়ার ইউএনও মোহাম্মদ আব্দুর রফিককে বহনকারী একটি গাড়ি এবং পুলিশ ও বিজিবির আরেকটি গাড়ি হাফিজাবাদ থেকে পঞ্চগড়ে আসছিল। পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয় পেয়ে বিশমণি জামে মসজিদের সীমানা প্রাচীরে বসে থাকা সুমন লাফিয়ে পড়লে ইউএনওকে বহনকারি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদর থানার ওসি এসএম ফারুক হোসেন বলেন, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। সিরাজগঞ্জ: সোমবার সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হন জমেলা বেগম (৫৫) নামে একজন। জমেলা ঘিয়ালা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, রাস্তা পারাপারের সময় একটি বাস জমেলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলায় নসিমন উল্টে চালক সুজন মৃধা (১২) নিহত হয়েছেন। এছাড়া একই উপজেলায় আরেকটি দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সুজন উপজেলার দাসেরহাট গ্রামের লিয়াকত মৃধার ছেলে। মুকসুদপুর থানার ওসি কে এম লিয়াকত আলী জানান, সন্ধ্যায় উপজেলার দাসের হাটে নসিমন ঘোরাতে গিয়ে চালক সুমন নিজেই নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দুর্ঘটনায় বনগ্রান-নওহাটা সড়কের ঘুনসিতে ইজিবাইক রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়। বরগুনা: আমতলী পৌর শহরে পানির রিজার্ভ ট্যাঙ্কে পড়ে রোববার সকালে ফজিতুন নামের সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। ফজিতুন আঙ্গুলকাটা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। গিয়াস উদ্দিন জানান, শিশুটিকে নিয়ে তার বাবা-মা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি চেম্বারে ডাক্তার দেখাতে আসেন। সেখানে একটি নির্মাণাধীন তিন তলা ভবনের সিঁড়ির নিচে পানির রিজার্ভ ট্যাংকের পাশে খেলা করার সময় হঠাৎ শিশুটি ট্যাঙ্কের ভিতর পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ: সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকার একটি ডোবা থেকে সোমবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, নিহতের পরনে ছিল চেক লুঙ্গি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.