ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল না করার বিষয়ে সাহারা খাতুনের কথা দলের বক্তব্য নয় বলে জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, "দলের বক্তব্য শুধু সভানেত্রীই দিতে পারেন।"
্আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, "ভবিষ্যতে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা-ভাংচুর করবে না। হরতাল ডাকবে না।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিএনপি-জামায়াতের হরতালের সমালোচনা করে সাহারা ওই কথা বলেছিলেন।
সাহারার বক্তব্যের বিষয়ে প্রশ্নের উত্তরে সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হানিফ সাংবাদিকদের বলেন, "তিনি হয়তো বলতে চেয়েছেন, বিরোধী দলে গেলে আওয়ামী লীগ অযৌক্তিক হরতাল করবে না।"
হরতালে পিকেটারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া আইন অনুযায়ীই হচ্ছে বলে দাবি করেন হানিফ। এক্ষেত্রে নিরীহ কাউকে হয়রানিতে পড়তে হচ্ছে না, বলেন তিনি।
বিএনপি-জামায়াতের ৩৬ ঘণ্টার হরতালে পিকেটিংয়ের সময় গ্রেপ্তারের পাশাপাশি এবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজাও দেওয়া হচ্ছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রসহ অনেক আইনজীবী এ প্রক্রিয়ার সমালোচনা করে আসছে। বিএনপি বলছে, বিরোধীদের দমনের অংশ হিসেবেই এ কৌশল নিয়েছে সরকার।
হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে হানিফ বলেন, "সরকার সাময়িকভাবে এ ব্যবস্থা নিয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে।"
বিরোধীদলের ফের লাগাতার হরতালের কর্মসূচি ঘোষণার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এমন কোনো সঙ্কট সৃষ্টি হয়নি যার জন্য বিএনপি লাগাতার হরতাল দিতে পারে। আমার বিশ্বাস জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না।
বিএনপি কার্যালয়ের সামনে থেকে সোমবার বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে হানিফ বলেন, "এমপি ছিলো বলে কেউ আইনের উর্দ্ধে নয়। রাষ্ট্রপতিদেরও আইনের আওতায় আনা হয়।"
হরতালে সবকিছু ভালোভাবে চলছে দাবি করে হানিফ আরো বলেন,"আতঙ্ক সৃষ্টি করে, ভয় দেখিয়ে মানুষকে ঘরে আটকে রাখার চেষ্টা করা হলেও হরতালে মানুষ বাইরে চলে এসেছে।"
তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিচ্ছে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক বলে দাবি করেন হানিফ।
তিনি বলেন, "আইন মেনেই ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এতে নিরীহ লোকজন সাজা পেলে সরকার তা সহানুভুতি নিয়ে বিবেচনা করবে।"
রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ১৯৫২ সালের তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের শাস্তি দেওয়া নজিরবিহীন ঘটনা। ঔপনিবেশিক আমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এভাবে আইনের প্রয়োগ হয়নি।
হরতাল দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, হরতালের হুমকি দিয়ে লাভ নেই।
বিএনপির ব্যর্থতায় ১/১১ সৃষ্টি হয়েছিলো দাবি করে তিনি বলেন, "দেশে ১/১১'র মতো পরিস্থিতি আর কখনো সৃষ্টি হবে না।"
বিএনপিকে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান হানিফ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৬১১ ঘ.
bdnews24