ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর এবং বিমানবন্দর সড়কের জোয়ার সাহারায় দুটি বাসে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।
অগ্নি নির্বাপক বাহিনী জানায়, সোমবার প্রথম প্রহরে মিরপুরের মাজার রোডে এবং সকাল ৭টা ২০ মিনিটের দিকে জোয়ার সাহারা এলাকায় বাস দুটিতে আগুন ধরানো হয়।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাজার রোডে রাত ১টার দিকে লামইয়া এন্টারপ্রাইজের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জোয়ার সাহারা এলাকায় গাজীপুর থেকে আজিমপুরগামী বিআইটি সিটিং সার্ভিসের একটি বাসে আগুন ধরানো হয়। সে আগুনও অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা নেভায় বলে জানান ফরহাদুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টা হরতাল রোববার সকাল থেকে শুরু হয়েছে, যা চলবে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
হরতালের আাগের দিন ঢাকায় নয়টি এবং রোববার দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১০২৬ ঘ.
bdnews24