ঝিনাইদহ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে মোবারকগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী একটি ট্রেন উদ্ধার করতে এসে উদ্ধারকারী ট্রেনটিই লাইনচ্যুত হয়ে পড়েছে।
মালবাহী ট্রেনটি শুক্রবার সকাল ৬টার দিকে মোবারকগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে থাকায় খুলনা-পোড়াদাহ সেকশনে রেল চলাচল বন্ধ রয়েছে।
এই দুটি ট্রেনকে উদ্ধার করার জন্য ঈশ্বরদী থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পাকশী রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার পঙ্কজ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ঈশ্বরদী থেকে মালবাহী ট্রেনটি খুলনা যাচ্ছিল। সকাল পৌনে ৬টার দিকে ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আউটার সিগনালের কাছে এর দুটি তেল ট্যাঙ্কার লাইনচ্যুত হয়।
এতে খুলনা-পোড়াদাহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু কিছু সময়ের মধ্যেই উদ্ধারকারী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের ডোবায় কাত হয়ে পড়ে।
পঙ্কজ কুমার সাহা আরো জানান, এই ট্রেন দুটি উদ্ধার করার জন্য ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন হতে বেশ সময় লাগতে পারে। এ কারণে এই সেকশনে শুক্রবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৩০ ঘ.
bdnews24