২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে ইভিএমের পক্ষে মত শ্রমিক জনতা লীগের

নির্বাচনে দায়িত্বরত কমর্তকর্তাদের নিরাপত্তার ব্যবস্থার সাপেক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দায়িত্বরত কমর্তকর্তাদের নিরাপত্তার ব্যবস্থার সাপেক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলটির সভাপতি কাদের সিদ্দিকী বলেন, "ইভিএম চালুতে আমাদের কোনো আপত্তি নেই। তবে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের রক্ষাকবচ দেবে কে? তাদের রক্ষাকবচ (নিরাপত্তা) না করে যেন এ পদ্ধতি চালু করা না হয়।" বিদ্যমান কেন্দ্র দখলের সংস্কৃতির কথা তুলে ধরে ইলেকট্রনিক ভোটিং নিয়ে শঙ্কা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, প্রকৃত ভোটার ও জাল ভোটার চেনার মতো পরিবেশ থাকলে জালিয়াতি হবে না। কেন্দ্রের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ক্ষমতাসীনরা তাদের অবস্থান পাকাপোক্ত করবে এ শঙ্কা থেকেই যাবে। আধুনিক প্রযুক্তি গ্রহণ করে সবাইকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান কাদের সিদ্দিকী। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জানান, প্রতিবেশি রাষ্ট্রসহ বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। আমরাও চিরকাল এক জায়গায় থেমে থাকবো না। এগোতে হবে। এজন্যে সবার সহযোগিতা লাগবে। ইলেকট্রনিক ভোটিংয়ে জালিয়াতির শঙ্কার কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, "আগে অনেক সময় লাগতো, এখন কম পরিশ্রম হবে। একজনই অনেকের ভোট দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারে।" জাল ও জালিয়াতির বিরুদ্ধে অবস্থানে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আগামীতে ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। লিখিত বক্তব্যে সভাপতি বলেন, "ইভিএম ব্যবহারে সরকারের অতি উৎসাহ ইসির উদ্যোগকে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে।" অন্যান্য বিষয়ে মত প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা প্রস্তাব দিয়েছেন কাদের সিদ্দিকী। সব নিবন্ধিত দলকে প্রার্থীর সংখ্যা অনুপাতের রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনী ব্যয় নির্বাহের সুপারিশ করে দলটি। নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতিতে সমর্থন থাকলেও সার্চ কমিটিতে দুদকের চেয়ারম্যানের (বিতর্কিত হওয়ার কারণে) পরিবর্তে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, একজন নারী অধ্যাপক ও একজন নারী বিচারপতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন কাদের। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোটার অনুপাতে করার সুপারিশও করেন তিনি। সংলাপে কৃষক শ্রমিক জনতা লীগের ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংলাপ সূচি রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিকালে থাকলেও সময়সূচি পরিবর্তনের জন্য ইতিাধ্যে ইসিকে চিঠি দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৯৩৫ ঘ.