২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া ট্যাংকার নিরাপদ স্থানে সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারটি টেনে নদীর অপর পাড়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারটি টেনে নদীর অপর পাড়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে ডলফিন জেটিতে জাহাজ ভিড়তে আর কোনো অসুবিধা নেই। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় 'ও টি মুন' নামের এই অয়েল ট্যাংকারটি টেনে তুলে কর্ণফুলী নদীর অপর পাড়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যাংকারটি টেনে কর্ণফুলীর অপর পাড়ে আনোয়ারার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে যাওয়া ট্যাংকারের মালিক ইস্টার্ন বাংকার সার্ভিসের এম সিরাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি স্যালভেজ জাহাজ ও বন্দরের টাগবোটের সহায়তায় এটি উদ্ধার করা হয়। পরে টাগবোটের সাহায্যে এটিকে আনোয়ারার দিকে নিরাপদ স্থানে টেনে নিয়ে যাওয়া হয়। বন্দরের ডলফিন জেটিতে শনিবার রাত সাড়ে এগারটায় জ্বালানি তেল পরিবহনের সময় 'ও টি মুন' ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ট্যাংকারটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ডোবার পর থেকেই ট্যাংকার থেকে জ্বালানি তেল নদীর পানিতে ছড়িয়ে পড়তে থাকে। এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহ করতো। সোমবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর নদী দূষণের দায়ে ট্যাংকারের মালিক প্রতিষ্ঠান ইস্টার্ন বাংকার সার্ভিসকে ১০ লাখ টাকা জরিমানা করে। ধারণা করা হচ্ছে অধিক তেল পরিবহনের কারণে ট্যাংকারটি ডুবে গেছে। তবে এর কারণ খুঁজে বের করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৩৯ ঘ.