২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎ প্রকল্প অনুমোদন

বেসরকারি খাতে প্রায় ৩৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপদনের জন্য ফার্নেস অয়েল ব্যবহার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে প্রায় ৩৭০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপদনের জন্য ফার্নেস অয়েল ব্যবহার করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র চারটি হবে নারায়ণগঞ্জ, নাটোর, ঢাকার কেরানীগঞ্জ ও গাবতলীতে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে নারায়ণগঞ্জের গগনগরে ১০২ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৫ বছর মেয়াদী এই প্রকল্প থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ছয় টাকা ৯০ পয়সায়। নাটোরে ৫২ দশমিক দুই মেগাটওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎকন্দ্র স্থাপনের দায়িত্ব পেয়েছে নাগদালোভি ও এএনএ ফ্যাশনস স্যুয়েটার লিমিটেডের কোনসোর্টিয়াম। তাদের কাছ থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ছয় টাকা ৯৪ পয়সায়। এছাড়া ১০৮ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎ কেন্দ নির্মাণ করবে ফুজিয়াং লংকিং ও ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড। এর একটি হবে কেরানীগঞ্জের বাসিলায়, অন্যটি ঢাকার গাবতলীতে। এ দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার ছয় টাকা ৯২ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে বলে নুরুল করিম জানান। এই চারটি বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরো সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নুরুল করিম জানান, অভ্যন্তরীণ উৎস থেকে ২০ হাজার টন চিনি কেনার বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব সভায় অনুমোদন পেয়েছে। মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের কাছ থেকে ওই চিনি কিনতে সরকারের ব্যয় হবে ১২১ কোটি ৩৩ লাখ টাকা। সরকারিভাবে বেলারুশ থেকে আন্তর্জাতিক বাজার দরে ৫০ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নুরুল করিম জানান, 'পুর্বাচল নতুন শহর' প্রকল্পের আওতায় ৩৫৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে দুটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ দুটি সড়ক নির্মাণের কাজ পেয়েছে মনিকো-সিপিচি জয়েন্ট ভেঞ্চার এবং এসিএল-আরপি জয়েন্ট ভেঞ্চার। ১০৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে 'চট্টগ্রাম সিটি আউটার রিং রোড' নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সভায় অনুমোদন করেছে কমিটি। স্মেক ইন্টারন্যাশনাল এ দায়িত্ব পাচ্ছে। এছাড়া টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত রেল লাইন 'ডাবল লাইন' করার একটি প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। এক হাজার ৪০৫ কোটি ৪২ লাখ টাকার এ প্রকল্পের দায়িত্ব পেয়েছে মেসার্স চায়না রেলওয়ে গ্র"প লিমিটেড। নুরুল করিম জানান, 'রুর‌্যাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন' প্রকল্পের পরামর্শক হিসেবে স্মেক ইন্টারন্যাশনালকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ প্রকল্পে ব্যয় হবে ৩৯ কোটি ২৬ লাখ ৮৬ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৬২৩ ঘ.