ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৯ টাকা কেজিতে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংগ্রহ অভিযান চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।
খাদ্য সচিব বরুণ দেব মিত্র বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভ্যন্তরীণ বাজার থেকে ৬ লাখ টন চাল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। কোনো ধান সংগ্রহ করা হবে না।
"বাজেটে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাকি ৫ লাখ টন বিদেশ থেকে আমদানি বা অবস্থার পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজার থেকেও সংগ্রহ করা হতে পারে", বলেন সচিব।
২৯ টাকায় চাল কেনা হলে কৃষকরা শতকরা ২৫ ভাগ লাভ পাবেন জানিয়ে বরুণ বলেন, এবার ধানের উৎপাদন খরচ হয়েছে কেজি প্রতি ১৪ টাকা ৬৫ পয়সা। ২৫ শতাংশ লাভ ধরেই এ দাম নির্ধারণ করা হয়েছে।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার সচিবালয়ে এক সভা শেষে ৫ জুন সারাদেশে একযোগে বোরো সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24