গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সদর উপজেলায় একটি বাস খাদে পড়ে তিন জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পূবাইলের সমরসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো- চট্টগ্রামের পান ব্যবসায়ী নূরুল কবীর (৪০) এবং জামালপুরের কাপড় ব্যবসায়ী ইলিয়াস (৩২)। অন্য জনের পরিচয় জানা যায়নি।
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আ. করিম সাংবাদিকদের জানান, সকালে সেতুতে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর অগ্নি-নির্বাপক বাহিনী ও স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠায়।
দুপুর ১২টা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24