২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভাইয়ের আঘাতে যুবক খুন

গোপালগঞ্জে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

গোপালগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বড় ভাইয়ের আঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। সোমবার বেলা ১২টার দিকে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হিরু মোল্লা (১৯)। তার বাবার নাম আবুল হোসেন। কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে হিরুর বড় ভাই কামাল হোসেনের (৪৫) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল শ্যালো ইঞ্জিন চালিত মেশিনের হাতল দিয়ে হিরুকে আঘাত করলে ঘটনাস্থলেই হিরুর মৃত্যু হয়। ঘটনার পর থেকে কামাল পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওদিকে গোপালগঞ্জ শহরে সাবেক কমিশনার আবুল হাসান টুটুলের বটতলা এলাকার বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শিরিশ সরকার (২৮)। তিনি সদর উপজেলার দীঘিরপাড় গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে। পরিবার পরিকল্পনা কর্মী শিরিশ ওই বাড়িতে ভাড়া থাকতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, রোববার রাত ১১টার দিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় শিশিরের লাশ উদ্ধার করা হয়। ভেতর থেকে ঘরের দরজা আটকানো ছিলো। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৭০২ ঘ.