মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই মেয়াদের পর নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে একমত হয়েছে সংবিধান সংশোধন কমিটি।
শনিবার বিশেষ কমিটির ২৬তম বৈঠক শেষে একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তারা জানান, এ লক্ষ্যে নির্বাচন কমিশনারের সংখ্যা নির্ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী ও নির্বাচন কমিশনার নিয়োগে আলাদা আইন প্রণয়নের বিষয়ে সুপারিশ করেছে কমিটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশেষ কমিটির আসন্ন বৈঠকে সার্বিক সুপারিশ চূড়ান্ত রূপ পাবে।
সংসদ ভবনে বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশেষ কমিটির বৈঠক হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী। কমিটির বৈঠকে সংবিধানের ১ থেকে ১৫৩ অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনকে শক্তিশালী করার সুপারিশ
২০১৪ ও ২০১৯ সালের জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
তারা বলছেন, নির্বাচন কমিশন (ইসি) শক্তিশালী হলে ২০২৪ সালের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সেক্ষেত্রে মেয়াদ শেষে দলীয় সরকার রুটিল কাজকর্মের বাইরে কিছু করবে না। নির্ধারিত মেয়াদে নির্বাচন কমিশনই কর্মকর্তাদের বদলিসহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মহাজোটের শরিক জাতীয় পার্টি নেতা ও বিশেষ কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ জানান, আপিল বিভাগের রায়ের আলোকে যে কোনো কাঠামোতে আরো দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ৯০ দিন মেয়াদ বেঁধে দেওয়ার পক্ষে একমত বিশেষ কমিটির সদস্যরা।
এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে সুপারিশ এসেছে বলে জানান তিনি।
বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে অন্তত তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সাবেক আইন মন্ত্রী ও বিশেষ কমিটির সদস্য আব্দুল মতিন খসরু।
কোন্ কোন্ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান পার্সপেকটিভে অবৈধ। কিন্তু অতীতে হয়ে যাওয়া নির্বাচন তো অভৈধ নয়। সংসদকে আরো দুই মেয়াদে রাখার সুযোগও দেওয়া হয়েছে। দুই মেয়াদের পর তো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ক সুপারিশগুলো প্রর্যালোচনা করা হবে।
'ইসি নিয়োগ নিয়ে আইন হবে'
দুই মেয়াদের পরে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংশোধনী আলোচনা করেছে কমিটি। এক্ষেত্রে ইসি'র নিয়োগ পদ্ধতির প্রস্তাবিত আইন প্রণয়নের কথা উঠেছে।
আব্দুল মতিন খসরু বলেন, "নির্বাচন কমিশনারদের সংখ্যা নির্দিষ্ট করে দিতে সংবিধানে সংশোধনী আনতে হবে। একই সঙ্গে একটি সার্চ কমিটি গঠন করে তাদের নিয়োগ পদ্ধতির বিষয়ে আইন প্রণয়ন করা হবে। ইসিকে শক্তিশালী করতে আর্থিক স্বাধীনতাও দিতে হবে।"
আপাতত দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত রাখতে বিদ্যমান অনুচ্ছেদ বহাল রাখা, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর পরামর্শে রাষ্ট্রপতির অন্তবর্তীকালীন মন্ত্রিপরিষদ গঠন, সাংবিধানিক পদের প্রধানদের নিয়ে কমিশন গঠনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান একজন সদস্য।
সুপারিশের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রহমত আলী সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কমিশন গঠন হতে পারে। তাদের মধ্য থেকে একজন প্রধান উপদেষ্টা হতে পারেন।
বিকল্প হিসেবে ইসির তত্ত্বাবধানে দলীয় সরকারের অধীনে ভারতে নির্বাচন হওয়ার কথা তুলে ধরেন আব্দুল মতিন খসরু।
বিশেষ কমিটিও আপাতত তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে নয় বলে উল্লেখ করেন বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, অনন্তকালের জন্য তা থাকতে পারে না। এক্ষেত্রে আগামীতে ইসির অধীনে নির্বাচন করতে সংস্থাটিকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
প্রস্তাবিত সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতি আইন
একজন মহিলাসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার নিয়োগে সংবিধানের আলোকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১ প্রণয়নের সুপারিশ করা হচ্ছে।
এ লক্ষ্যে ৭ জুন থেকে শুরু হওয়া আসন্ন সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছেও মতামত চাইবে বর্তমান কমিশন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কশিনকে শক্তিশালী করতে বিতর্ক ছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের কোনো বিকল্প নেই। এ জন্যে প্রস্তাবিত নিয়োগ পদ্ধতিটি আইন আকারে পাস করা জরুরি।"
তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে ইসিকে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে আর্থিক স্বাধীনতা নিশ্চিতসহ চার দফা সুপারিশও রাখেন এই নির্বাচন কমিশনার।
আওয়ামী লীগের দাবির কারণেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবেশ করেছে সংবিধানে, এখন আওয়ামী লীগ তা বাতিল করতে চাইছে কেন প্রশ্ন করা হলে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সামরিক শাসক, অবৈধ সরকারগুলো নিজেদের বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করত। সে সময়ই আমরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেই। তাতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে সাময়িক এবং তিন মেয়াদ পর্যন্ত রাখা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।
খসড়া প্রতিবেদনের আরো সুপারিশ
আব্দুল মতিন খসরু জানান, শনিবারের বৈঠকে সংবিধানের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সংশোধনী প্রস্তাব পর্যালোচনা হয়েছে। এরমধ্যে অনেক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন কমিটির সদস্যরা।
বিচার বিভাগের স্বাধীনতা, সাংসদদের স্বাধীন মত দেওয়ার ক্ষমতা, সংরক্ষিত নারী আসন বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।
মতিন খসরু জানান, ৯৬ অনুচ্ছেদে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে প্রয়োজনীয় সুপারিশ সংসদে পাঠানোর পক্ষে মত এসেছে।
"বিচারপতিদের অভিসংশন নিয়ে এত আলোচনা-সমালোচনার কোনো মানে নেই। দেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিচারককে অভিসংশন করা হয়নি। এটা হলেও তা হবে দুর্লভ ঘটনা। কমিটির মূল লক্ষ্য বিচারবিভাগকে কিভাবে আরো শক্তিশালী করা যায়।"
৭০ অনুচ্ছেদে অনাস্থা প্রস্তাব, অর্থবিল ও নিরাপত্তা বিষয়ে বাইরে সাংসদদের মত দেওয়া সুযোগ রাখার সুপারিশ রাখা হয়েছে।
এছাড়া নারী আসন ৪৫ থেকে ৫০ এ উন্নীত করার বিষয়ে কমিটি একমত হয়েছে বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৮ ঘ.
bdnews24