সাতক্ষীরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভারতের সীসান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র নির্যাতনে' নিহত বাংলাদেশি যুবকের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।
রুহুল আমিনের (৩০) লাশ এখন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তারা জানান।
এ ব্যাপারে শনিবার দুপুরে দু'দেশের একটি পতাকা বৈঠক হয়েছে।
ওই বৈঠকে জানানো হয়, ভারতের বসিরহাট মহকুমা প্রশাসক ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে পত্র যোগাযোগের মাধ্যমে লাশ যথাযথভাবে শনাক্ত করার পর ফেরত দেওয়া হবে।
বিজিবি ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনসুর হেলাল সাংবাদিকদের বলেন, সীমান্তের মেইন পিলার ১ থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরার হাড়দ্দহায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন তিনি নিজে (মনসুর হেলাল) এবং ভারতের পক্ষে ছিলেন গোয়ালপাড়া ৪৮ বিএসএফ কোম্পানি কমান্ডার এস এস গরছা।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, বৈঠকে বিজিবি এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যথাযথভাবে লাশ শনাক্ত করার পর ফেরত দেওয়ার প্রতিশ্র"তি দেয়।
এছাড়া অবৈধভাবে ভারতে কোনো বাংলাদেশি যেন প্রবেশ না করে সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান তারা।
গত ২১ মে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে রুহুল আমিনসহ ৭/৮ জন রাখাল যায়। গত ২৫ মে সন্ধ্যায় গরু নিয়ে আসার সময় ইছামতি নদী সাঁতরে আসার সময় সবাই পার হলেও রুহুল আমিন নদীতে নিখোঁজ হন।
তার সঙ্গীদের দাবি নদীতে বিএসএফ সদস্যরা তাকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে।
শুক্রবার তার লাশ নদীতে দেখা গেলেও পরে তা ভেসে ভারতের দিকে চলে যায়। এরপর ভারতীয় পুলিশ লাশটি নদী থেকে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে রুহুল আমিনের বাবা আব্দুল ওহাব বিজিবি ৪১ ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।
বিজিবি বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহবান জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.
bdnews24