ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্টে বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এমএ মুহিত শনিবার দেশে ফিরেছেন।
বিকাল পৌনে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-৭০২ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেদিন এভারেস্টের চূড়ায় উঠলাম, আমার মনে হলো আমিই রাজা। আমি বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে গেছি।"
এভারেস্ট জয়ের অভিজ্ঞতার তুলে ধরে মুহিত বলেন, "দুর্গম পথ পাড়ি দিয়ে ২১ মে বাংলাদেশ সময় সকাল ৭টায় আমি চূড়ায় পৌঁছাই। গরম পানি ও খেজুর খেয়ে বাংলাদেশের পতাকা উড়াই সেখানে, ছবি তুলি। ২০ মিনিট ছিলাম চূড়ায়। সারা বিশ্বকে আমি দেখেছি সে চূড়া থেকে।"
তিনি জানান, চূড়ায় ওঠার পর তার অক্সিজেন পাইপ ফুটো হয়ে যাওয়ায় বেশ বিপদে পড়েছিলেন। তবে সঙ্গী শেরপাদের সহায়তায় তাড়াতাড়ি সে সমস্যা কাটিয়ে ওঠেন।
বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য ২১ মে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় ওঠেন।
বিমানবন্দরে বিএমটিসি ও তার পরিবারের সদস্যরা মুহিতকে অভ্যর্থনা জানায়।
গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য।
গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে।
৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/পিডি/১৯০৬ ঘ.
bdnews24