নাটোর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে যুবলীগকর্মী আবু বক্কর ওরফে রাসু ওরফে রাশেদুল হত্যার কথা স্বীকার করেছে এক যুবলীগকর্মী।
বৃহস্পতিবার রাতে উজ্জ্বল নামের ওই যুলীগকর্মীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার হত্যার আলামত উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উজ্জ্বলের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন (২৩ মে) তারা কয়েকজন একটি ওড়না দিয়ে চোখ বেঁধে রাসুকে মহিলা কলেজের পরিত্যক্ত একটি ছাত্রীনিবাসের ভেতর নিয়ে যায়। সেখানে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
উজ্জ্বলের দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলের কাছে নারদ নদ এলাকা থেকে একটি রক্তমাখা ওড়না উদ্ধার করেছে।
গত ২৩ মে রাতে নাটোর শহরের কানাইখালী জেলেপাড়া এলাকা থেকে যুবলীগকর্মী আবু বক্কর ওরফে রাসু ওরফে রাশেদুল নিখোঁজ হয়।
ওই ঘটনায় একইদিন রাসুর বাবা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। রাতে গুলি করে হত্যার পর জেলেপাড়া মহল্লায় রাসুর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ওইরাতেই পুলিশ পাঁচ যুবলীগকর্মী সাব্বির, রিপন, সুভাষ, গৌতম ও সোহরাবকে গ্রেপ্তার করে। বুধবার নাটোরের হাকিম আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন।
বৃহস্পতিবার রাতে আরো তিন যুবলীগকর্মী নিবুল (২২), উজ্জ্বল (২০) ও সাজেদকে (২১) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24