২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগামী মাসে যোগ হবে ১ হাজার মেগাওয়াট'

আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

নারায়ণগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। বুধবার নারায়ণগঞ্জে এক গণ শুনানিতে তিনি বলেন, বর্তমানে দেশে সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আগামী মাসের মধ্যে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। বিকালে জেলা শহরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) কার্যালয়ে গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা এবং অভিযোগ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ শুনানিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ বলেন, এবার মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র তিন হাজার ২শ' মেগাওয়াট। এরপর থেকেই সরকার বিদ্যুৎ ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে। এজন্য সরকারি ও বেসরকারিভাবে অনেক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশে বিদ্যুৎ সঙ্কট আর থাকবে না, বলেন তিনি। ডিপিডিসি'র ব্যবস্থপনা পরিচালক আবদুস সোবহানের সভাপতিত্বে গণ শুনানিতে অংশ নেন স্থানীয় সাংসদ নাসিম ওসমান, ডিপিডিসি পরিচালক মো. ইকবাল হোসেন, পরিচালক এফ এম ফরিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান প্রমুখ। শুনানিতে গ্রাহকরা অতিরিক্ত লোড শেডিং, মিটারে সমস্যা, বিল প্রদানে বিলম্বসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.