২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিচ্ছিন্ন চার উপজেলা

কালবৈশাখী ঝড়ে চারটি টাওয়ার ভেঙে পড়ায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঝিনাইদহ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে চারটি টাওয়ার ভেঙে পড়ায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে এসব উপজেলার গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছে। ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে প্রচন্ড ঝড়ে সদর উপজেলার বিষয়খালী ও ছালাভরা গ্রামের মধ্যবর্তী ৩৩ কেভি লাইনের চারটি টাওয়ার ভেঙে পড়ে। "ফলে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় দুপুর দেড়টা থেকে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।" বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে জানিয়ে শহিদুল আলম বলেন, সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। ওদিকে ঝিনাইদহ শহরের চারটি ফিডারের আওতায় ১৫টি বৈদ্যুতিক খুঁটি ঝড়ে ভেঙে গেচে। ফলে শহরের কোনো কোনো মহল্লায় বিদ্যুৎ সরবরাহ এখনো চালু করা যায়নি বলে নির্বাহী প্রকৌশলী জানান। ওজিপাডিকো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবদাস সরকার সাংবাদিকদের জানান, ঝড়ের পরপরই জরুরি ভিত্তিতে লাইন মেরামতের কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩২ ঘ.