ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারক বলেছেন, হাইকোর্টে নিয়োগ স্থায়ী না করে তাদের প্রতি বঞ্চনা করা হয়েছিল।
বিরোধী দল সমর্থক আইনজীবীদের বক্তব্যের জবাবে সোমবার শপথ নেওয়ার পর এক সংবর্ধনায় বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও মো. শামসুল হুদা এ কথা বলেন।
৪৫/৫০ জনকে ডিঙ্গিয়ে এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তাদের শপথ না পড়ানোর জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও মো. শামসুল হুদাকে শপথ করান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
শপথ অনুষ্ঠানের পর বেলা পৌনে ১২টার দিকে হবু প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে অন্য পাঁচ বিচারপতির সঙ্গে এজলাসে আসেন এই দুই জন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকার সমর্থক সদস্য ও অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেন, "আমাদের প্রতি বঞ্চনা করা হয়েছিল। সেদিন বিচারের বাণী নিভৃতে কেঁদেছিলো। আজ আমরা আপিল বিভাগে নিয়োগ পেয়েছি।
"আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েছি। শপথ অনুযায়ী ভবিষ্যতেও সংবিধান রক্ষা করবো।"
মো. শামসুল হুদা বলেন, "হাইকোর্টে আমাদের নিয়োগকে স্থায়ী না করে আমাদের প্রতি অন্যায় করা হয়েছিলো, বিচারিক জীবন থেকে সাতটি বছর কেড়ে নেওয়া হয়েছিলো।
"নিয়োগ স্থায়ী করার আবেদনে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছিলো। কিন্তু পরে সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠতার বিষয়টি বাদ দিয়েছিলো।"
এই বিচারক বলেন, "আমরা যদি বিচার না পাই, সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে?"
আইনজীবীদের একটি অংশের সমালোচনার জবাবে শামসুল হুদা বলেন, "অনেকেই জ্যেষ্ঠতা নিয়ে কথা বলেন। কিন্তু যেদিন থেকে অন্যায় হয়েছে, সেদিন থেকে প্রতিকার করতে হয়। সেদিন যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন, নিয়োগ পাওয়ার পর তারাও আমাদের কোর্টে মামলা নিয়ে এসেছেন। তাদের প্রতিও আমরা ন্যায় বিচার করেছি।"
সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক নব নিযুক্ত দুই বিচারপতির উদ্দেশে সাইটেশন পাঠ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/জেকে ১৭৩৩ ঘ.
bdnews24