গাইবান্ধা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৫ জন।
শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম (৩৫) গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের সাঈদার রহমানের স্ত্রী।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।
আহতরাও বাসের যাত্রী। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24