২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল থেকে ঢাকায় লিমন

র‌্যাবের কথিত বন্দুক যুদ্ধে পঙ্গু ঝালকাঠীর লিমন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুক যুদ্ধে পঙ্গু ঝালকাঠীর লিমন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে লিমনকে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হসপিটাল ও পুনর্বাসন ইন্সটিটিউটে আনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার বাবা তোফাজ্জেল হোসেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় লিমনকে নিয়ে সড়কপথে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় তার পরিবার। জামিনের তিন দিন পর সোমবার বিকেল ৫টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান লিমন। এর পর মঙ্গলবার বিকেল পর্যন্ত তাকে শেবাচিমের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের ইউনিট-২'র অধীনে চিকিৎসা দেওয়া হয়। লিমনের বাবা তোফাজ্জেল হোসেন জানান, লিমনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকের পরামর্শে লিমনের পা প্রতিস্থাপন করা হবে বলে জানান তোফাজ্জেল হোসেন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ বলেন, লিমনকে চিকিৎসা দেওয়ার মতো প্রযুক্তি ও ওষুধ হাসপাতালে ছিলো। তবে লিমন ও তার পরিবার ঢাকায় চিকিৎসা নেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০২ ঘ.