চাঁদপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে চাঁদপুরের একটি আদালত।
ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মিলনকে রোববার দুপুর ২টার দিকে চাঁদপুরের বিচারিক হাকিম শফিউল আজমের আদালতে হাজির করা হয়।
মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে মিলনের ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। অপরদিকে মিলনের আইনজীবীরা তার জামিনের আবেদন জানায়। কিন্তু আদালত রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করে মিলনকে 'প্রয়োজনে' কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এছাড়া ১০ মে'র মধ্যে আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং ২২ মে মিলনকে আদালতে হাজির করার জন্য আদেশ দেওয়া হয়।
চাঁদপুরের কচুয়া থানায় গত ১৯ এপ্রিল এই মামলাটি দায়ের করেন কচুয়া উপজেলার ভূইয়ারা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাইফুল ইসলাম ওরফে মাইকেল।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ১১ নভেম্বর সন্ধ্যা ৭টায় উপজেলার সেঙ্গুলিয়া গ্রামে রাস্তার উপর অস্ত্র উঁচিয়ে মিলন ও তার লোকজন ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারধর করা হয়।
মামলায় মিলনকে প্রধান আসামি করে মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/কেএমএস/১৭১২ ঘ.
bdnews24