২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরসূচি নির্ধারণে এ মাসেই বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত করতে চলতি মাসেই বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 07:25 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের তারিখ চূড়ান্ত করতে চলতি মাসেই বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার জেনেভা ও ইস্তাম্বুলে যাওয়ার কথা রয়েছে। তারপর এ মাসেই কোনো এক সময়ে বৈঠকে বসার জন্য দিন ঠিক করবো আমরা।" ওই বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের তারিখ নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সচিব জানান, মনমোহন সিংয়ের সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। মিজারুল কায়েস বলেন, "ভারত সরকার চুক্তি করার আগে সব তথ্য বিশ্লেষণ করে নিতে চায়। তবে আমরা আপাতত ১০ থেকে ১৫ বছরের জন্য একটি সমঝোতায় আসার প্রস্তাব দিয়েছি।" মোট ৫৪টি নদী ভারত হয়ে বাংলাদেশ ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এর মধ্যে কেবল গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তিতে পৌঁছাতে পেরেছে দুই দেশ। সচিব জানান, বৃহস্পতিবার ভারতের উপ রাষ্ট্রপতি এম হামিদ আনসারির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। রাজধানীর একটি হোটেলে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বার্ষিকীর উৎসবে যোগ দিতে দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছান ভারতের উপ রাষ্ট্রপতি। এই সফরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনজন পার্লামেন্ট সদস্য ও ১৯ জন সাংবাদিকসহ ৫৯ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল তার সঙ্গে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০১২১ ঘ.