রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।
রোগীর অভিভাবকদের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ার জের ধরে বৃহস্পতিবার বিকাল থেকে তারা কাজে আসেন নি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে (সার্জারি বিভাগ) চিকিৎসাধীন নগরীর জিন্নানগর এলাকার রবিউল ইসলাম নামের এক রোগীর অভিভাবক চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুল হকের সাথে কথা কাটাকাটি শুরু করেন। ওই রোগীর অভিভাবকরা ডা. ইকরামুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।
এসময় ইন্টার্ন চিকিৎসক হাসান মাহমুদ ও বনি আমিন এগিয়ে এলে তাদেরকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করে। পরে তারা কর্মবিরতির ঘোষণা দেন।
রোগীর অভিভাবকরা অভিযোগ করেন, ড্রেসিং করার সময় চিকিৎসকদের অবহেলার কারণে তাদের রোগী আঘাত পান এবং চিৎকার শুরু করেন।
ইন্টার্নি চিকিৎসকরা জানান, ঠিকমতো দায়িত্ব পালন করলেও প্রায়শ:ই তারা এমন ঘটনার শিকার হন। পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। হাসপাতাল কম্পাউন্ডে তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না।
ঘটনার পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী প্রতি ওয়ার্ড ঘুরে দেখেন। বিভাগীয় প্রধান ও দায়িত্বরত অন্য চিকিৎসকরা হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
হাসপাতালের তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. গোপেন আচার্য বলেন, "ঠিকমতো চিকিৎসাসেবা চলছে। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিয়ে সাবই আলোচনায় বসেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২০ ঘ.
bdnews24