দিনাজপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি অবরোধের পর এখন ফুলবাড়ি উপজেলা সদরে অবরোধ কর্মসূচি শুরু করেছে তেল-গ্যাস রক্ষা খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।
বুধবার খনি অবরোধ কর্মসূচিতে হামলার পর উপজেলা সদরে কর্মসূচি পালনের ঘোষণা দেয় নাগরিক এ কমিটির ফুলবাড়ি শাখা।
বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরে দফায় দফায় মিছিল করছে তেল-গ্যাস রক্ষা কমিটির নেতাকর্মীরা।
অবরোধের কারণে ফুলবাড়ির রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পার্বতীপুরের সঙ্গে রাজশাহী ও খুলনাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-দিনাজপুরে চলাচলকারী ট্রেন বিকল্প পথে যাচ্ছে।
তিন দফা দাবিতে দুই দিন খনি অবরোধের পর বুধবার খনি এলাকায় রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি শুরু করে তেল-গ্যাস রক্ষা কমিটি। বিকালে তাতে হামলা হয়।
কমিটির দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সরাসরি ইন্ধনে বড়পুকুরিয়ার কর্মসূচিতে আক্রমণ হয়েছে। তাই ৪৮ ঘন্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি বড়পুকুরিয়া থেকে সরিয়ে ফুলবাড়িতে পালন করা হচ্ছে।"
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।
তাদের দাবি- খনির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের গত আমন ফসলের জন্য ক্ষতিপূরণ প্রদান, স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং জমি অধিগ্রহণের জন্য জরিপ কাজ বন্ধ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.
bdnews24