চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজে ছিঁচকে চুরি রোধে বহিঃনোঙরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা কমিটির বৈঠকে।
সোমবার দুপুরে বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে 'বন্দর নিরাপত্তা উপদেষ্টা কমিটির' প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের নিয়ে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা ২৫।
বৈঠকে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, শিপিং এজেন্টসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এতে চট্টগ্রাম বন্দরে 'ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি' (আইএসপিএস) কোড বাস্তবায়নের বিষয়টি উপস্থাপনা করেন বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন মো. ফরিদুল আলম।
বন্দরের পরিচালক (নিরাপত্তা) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিঁচকে চুরি রোধে বহিঃনোঙরে নিরাপত্তা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আইএসপিএস কোড যথাযথভাবে বাস্তবায়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কামরুল।
তিনি আরো বলেন, বন্দরের জলসীমায় ছিঁচকে চুরি রোধে কোস্টগার্ড সদস্যদের উপকূলীয় এলাকায় এবং নৌবাহিনীকে উন্মুক্ত সাগরে তদারকি নিশ্চিত করতে বলা হয়। এছাড়া স্থলভাগে পুলিশকে তদারকি করতে বলা হয়।
সভায় বন্দর চেয়ারম্যান বলেন, সোমালিয়ার মতো এখানে জলদস্যুতা হয়না। কিন্তু সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে ছিঁচকে চুরিও রোধ সম্ভব।
জাহাজে নিরাপত্তা জোরদার করতে প্রতি জাহাজে ছয়জন পাহারাদার (ওয়াচম্যান) নিয়োগেরও সুপারিশ করা হয় সভায়।
এছাড়া নিরাপত্তা বিষয়ে বন্দর ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24