ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশ পালন না করায় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব এবং ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
সোমবার হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে হাইকোর্টের দুটি বেঞ্চে এই মামলা দুটি দায়ের করা হয়।
এর মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শহীদ মিনারের মূল বেদিতে সভা সমাবেশ বন্ধ করতে উদ্যোগ না নেওয়ায় ঢাকার মেয়র এবং সংস্কৃতি সচিবের বিরুদ্ধে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশের পর তাদের উচিত ছিলো শহীদ মূল বেদিতে সভা সমাবেশ বন্ধ করতে সেখানে লোক নিয়োগ করা। কিন্তু সে কাজ করা হয়নি।"
ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়ের করা অপর মামলাটি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চে দায়ের করা হয়েছে।
এই মামলার বিষয়ে মনজিল মোরসেদ বলেন, "জানুয়ারি মাসে হাইকোর্ট আটটি ঔষধের উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করেছিলো। এরপর ঔষধ প্রশাসন পরিদপ্তর উৎপাদকদের এ বিষয়ে একটি নোটিশ দিয়েছিলো।"
"পরে ডাইক্লোফেন নামে একটি ঔষধের উৎপাদক ইনোভা ফার্মাসিউটিক্যাল হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন করে। হাইাকোর্ট ওই আবেদনে সাড়া না দিলেও ঔষধ প্রশাসন পরিদপ্তর নোটিশটি প্রত্যাহার করে। এতে ওই ঔষধটি এখানো বাজারে রয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/ ১৬৩২ ঘ.
bdnews24