২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন 'চুরি' হচ্ছে শিশুদের শৈশব

আইনত নিষিদ্ধ হলেও নোয়াখালীর বিভিন্ন কল-কারখানায় ঝুঁকিপূর্ণ শ্রমে রয়েছে ১ হাজার শিশু। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই হয় হাতে তুলে নিয়েছে হাতুড়ি নয়তো রুটি বেলছে রেস্তোরাঁয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা শহরের সরকারি আবাসিক এলাকার একটি মেটাল ওয়ার্কশপ। শনিবার সেখানে দেখা গেলো পাঁচ-ছয় বছরের মিরাজকে হাতুড়ি দিয়ে ওষুধের বোতল ভাঙ্গছে। "পেটের ক্ষুধার জ্বালায় এ কাজ করছি। বাবার টাকা দিয়ে পুরো পরিবার চলে না", বললো মিরাজ। মিরাজের মতো অনেক শিশুকেই দেখা যায় নোয়াখালীর বিভিন্ন কারখানায় কাজ করতে, যদিও ঝুঁকিপূর্ণ এ ধরনের শ্রমে শিশুদের কাজে লাগানো আইনত নিষিদ্ধ। শিশুশ্রমিক ইব্রাহীম বলে, "কারখানায় অক্সি-অ্যাসিটিলিন যন্ত্রে লোহা ঢোকানোর সময় অনেক বেশি ভয় লাগে। মনে হয় লোহাটি হাতের দিকে ছুটে আসছে।" শিল্প আইনের শিশু শ্রমিক সংক্রান্ত বিধানের ২৪(২) ধারায় বলা হয়েছে, "কোনো যন্ত্র বা যন্ত্রাংশের কোনো অংশ চালু থাকা অবস্থায় তা পরিস্কার, তেল দেওয়া, তৎসংক্রান্ত কোনো কাজে কোনো শিশুশ্রমিককে নিয়োগ করা যাবে না। এছাড়া যন্ত্র চালু থাকা অবস্থায় তার চলমান ও স্থির অংশের মাঝে বা দুটি চলমান অংশের মাঝখানে কোনো শিশু শ্রমিককে কাজ করতে দেওয়া যাবে না।" শিশুশ্রমিক নিয়োগের কথা স্বীকার করে নোয়াখালী মেটাল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মসলেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সমিতির মাধ্যমে ইতোমধ্যে কর্মরত সব শ্রমিকের চিকিৎসা ও সুরক্ষার বিষয়টি নিয়ে কাজ করছেন। কোনো শ্রমিক কাজ করা অবস্থায় আহত হলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। নোয়াখালীর পৌর এলাকার সোনাপুর, মাইজদী, দত্তেরহাট ও মাইজদী বাজার এলাকার প্রায় সাড়ে ৩০০ মেটাল ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হোটেল-রেঁস্তোরা, বেকারি, সিএনজিচালিত অটোরিকশা ও মটর সাইকেল মেরামতখানায় কাজ করে প্রায় এক হাজার শিশু। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক আর্থিক অনটন মোচনের জন্যই তারা এ কাজ করছে। কয়েকটি শিশু জানায়, স্কুলে ভর্তি হয়েও দুই-এক ক্লাস পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি তাদের। স্কুলজীবন এখন তাদের কাছে শুধুই স্মৃতি। তবে এ সব শিশুদের বক্তব্য- স্কুল জীবনই অনেক ভালো ছিলো। নোয়াখালী শহরের ফরিদ বেকারিতে কর্মরত ১১ জন শ্রমিকের মধ্যে চার জনই শিশু। এদের বয়স ১২ থেকে ১৫। বেকারির কারিগর জাহাঙ্গীর আলম জানান, এখানে শিশুদের সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হয়। শিশুরা মূলত ময়দা মাখা ও বিস্কুট প্যাকেটিংয়ের কাজ করে থাকে। তাদের মাসিক বেতন হয় ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। শিশু সংগঠন খেলাঘর'র কেন্দ্রীয় আসরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুর মনোজগতের বিকাশ হয় তার পরিবেশ-প্রতিবেশের ওপর নির্ভর করে। একটি শিশুর অপরিমিত মাত্রার শ্রম দেওয়ার মধ্যে আনন্দের কোনো বিষয় নেই। ফলে সে একটা কঠোর ও কঠিন জীবনের মধ্যে বড় হয়ে উঠে।" শিশুর অনুভূতিহীন জীবনে পরিবারের সঙ্গে মানসিক সম্পর্কে ঘাটতি দেখা দেয় বলেও মনে করেন এ চিকিৎসক। লেনিন বলেন, আমরা শিশু অধিকার রক্ষায় ইউনেস্কো সনদে অনুস্বাক্ষরকারী দেশ। কিন্তু শিশুদের অধিকার এখানে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, "অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ অর্থনৈতিক শোষণ থেকে শিশুর অধিকার রক্ষা করবে। ঝঁকিপূর্ণ শ্রম অর্থাৎ স্বাস্থ্য অথবা শারীরিক, মানসিক, আত্মিক, নৈতিক, সামাজিক বিকাশের জন্য ক্ষতিকর অথবা শিশুর ব্যাঘাত ঘটায় অথবা বিপদ আশঙ্কা করে, এমন কাজ যেন না হয় তার ব্যবস্থা নেবে।" নোয়াখালী আইন সহায়তা ট্রাস্ট্রের কো-অর্ডিনেটর গোলাম আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুশ্রম নিয়ে যতটুকু আইন আছে তাও বাস্তবায়িত হচ্ছে না। শ্রমিক হিসেবে ন্যায্য অধিকারটুকুও পাচ্ছে না এসব শিশুরা।" তিনি এ বিষয়ে সমাজসেবা বিভাগ, শিশু বিভাগ এবং পৌরসভার সমন্বয়ে একটি শক্তিশালী পর্যবেক্ষণ কমিটি গঠনের তাগিদ দেন এ আইনজীবী। নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের রাষ্ট্র ও সমাজ বাস্তবতায় শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব হবে না। তবে শিশুদের কর্মস্থলের পরিবেশ এবং বিকল্প ব্যবস্থাপনায় তাদের শিক্ষা ও বিনোদনের বিষয়গুলি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।" পৌরসভার পক্ষ থেকে একটি তদারকি কমিটি গঠন করে আগামীতে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/এমআই/১৪৫০ ঘ.