খুলনা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার পাইকগাছায় স্থানীয় একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর ওপর নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা।
তারা ওই সাংবাদিকের পা ভেঙ্গে দিয়েছে এবং তার ভাইকে বেদম প্রহার করে হাত ভেঙ্গে দিয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানান, স্থানীয় সাপ্তাহিক গণমিছিল পত্রিকার সম্পাদক, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও হংকং ভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ প্রতিনিধি এফএমএ রাজ্জাককে তুলে নিয়ে গিয়ে তার ওপর সন্ত্রাসীরা এই নির্যাতন চালায়।
পাইকগাছা থানার ওসি এনামুল হক জানান, পাইকগাছা পৌর এলাকায় বড় বাজারের কাছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহী বাস সার্ভিস প্রতিষ্ঠান ঈগল পরিবহনের টিকিট কাউন্টারের সামনে থেকে রাজ্জাক ও তার ভাই বদিয়ারকে একটি নসিমনে তুলে নেয় সন্ত্রাসীরা। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা পৌর এলাকার সরল বাজারের কাছে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে যায়।
এলাকাবাসী তাদের উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
রাজ্জাকের স্ত্রী রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা রাজ্জাকের দুই চোখে মারাত্মক আঘাত করেছে। এতে তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।
ওসি এনামুল হক জানান, রাজ্জাক ও তার ভাইকে নির্যাতনের ঘটনায় জড়িত অভিযোগে শনিবার ভোরে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো আব্দুল হামিদ (৩৮), মো. মোশাররফ হোসেন (২০), আসলাম মল্লিক (২২), মো. জাহাঙ্গীর সরদার (২৪), মো. আজিজুল ইসলাম (৩০), মো. নুরুজ্জামান গাজী (২৮), মো. জয়নাল সরদার (৩০), মোস্তফা সরদার (২২) ও মোজাম্মেল হোসেন (২২)।
ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, " রাজ্জাক দীর্ঘদিন ধরেই লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এ ছাড়াও সে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতো। তার অপকর্মে বিক্ষুব্ধ লোকজন তার উপর হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪০ ঘ.
bdnews24