২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে মেলা'হুমকির' কথা অস্বীকার করে ডিসির ব্যাখ্যা

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদ করায় খেলোয়াড়দের কোনো প্রকার 'হুমকি' দেননি বলে দাবি করেছেন জেলা প্রশাসক (ডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

নোয়াখালী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদ করায় খেলোয়াড়দের কোনো প্রকার 'হুমকি' দেননি বলে দাবি করেছেন জেলা প্রশাসক (ডিসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) বরাবর দেওয়া ব্যাখ্যায় ডিসি মো. সিরাজুল ইসলাম দাবি করেন, তিনি কাউকে হুমকি দেননি, বরং জেলার অ্যাথলেট ও খেলাধূলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবশ্য গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার জরুরি সভায় খেলোয়াড়দের গ্রেপ্তারের হুমকি দিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই অডিও রেকর্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে। ওই খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার পেলে জাতীয় ক্রীড়া পরিষদ ডিসির কাছে সত্যতা জানতে চেয়ে লিখিত ব্যাখ্যা চায়। ব্যাখ্যায় জাতীয় অ্যাথলেটসহ খেলোয়াড়, সাংবাদিক, জেলা ক্রীড়াসংস্থা ভুল তথ্য দিচ্ছে দাবি করে বাণিজ্য মেলা আয়োজনের সব দায়ভার চাপিয়েছেন পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ওপর। নোয়াখালী জেলা প্রশাসনের ওয়েব সাইটে (www.dcnoakhali.gov.bd) গোপনীয় শাখার ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সিরাজুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি যা বলার ব্যাখ্যায়ই বলে দিয়েছি। এর বেশি কিছু বলতে পারবোনা।" জেলা ক্রীড়া সংস্থার জেষ্ঠ্য সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী বলেন, "জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) বরাবর পাঠানো চিঠিতে জেলা প্রশাসক চরম মিথ্যাচার করেছেন।" "২৬ এপ্রিল ক্রীড়া সংস্থার জরুরি সভার শুরুতেই স্টেডিয়ামে বাণিজ্য মেলার বিরুদ্ধে মানববন্ধন করায় খেলোয়াড়দের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এক পর্যায়ে তিনি খেলোয়াড়দের স্টেডিয়ামে ঢুকলে গ্রেপ্তারেরও হুমকি দেন।" কয়েকদিন আগে সবরকম অনুশীলনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড় ও ক্রিড়া সংগঠকরা জেলা গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে মাঠে ঢুকলে খেলোয়াড়দের গ্রেপ্তারের হুমকি দেন ডিসি সিরাজুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫১ ঘ.


এ সম্পর্কিত আরো খবর