২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকেও সেফহোমে জিজ্ঞাসাবাদ

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমের 'যুদ্ধাপরাধের' তদন্ত প্রতিবেদন ২১ জুলাইয়ের মধ্যে দেওয়ার আদেশ হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল আলীমের 'যুদ্ধাপরাধের' তদন্ত প্রতিবেদন ২১ জুলাইয়ের মধ্যে দেওয়ার আদেশ হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার আবেদনে বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির সাঈদীকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। আলীমের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' তদন্ত প্রতিবেদন দেওয়ার পাশাপাশি ২১ জুলাই তাকেও হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকেও সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ট্রাইব্যুনালের জন্য ধানমণ্ডিতে বরাদ্দ দেওয়া একটি বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করছে যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা, একেই সেফহোম বলা হচ্ছে। আদেশ অনুযায়ী, তদন্ত সংস্থা যে কোনো এক দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাঈদীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে তা ট্রাইব্যুনাল এবং সাঈদীর আইনজীবীকে জানাতে হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের অবস্থা পর্যবেক্ষণে পাশের রুমে কেন্দ্রীয় জেলা হাসপাতালের একজন চিকিৎসক এবং আইনজীবীকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আলীম বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন। তার বিষয়ে তদন্তের প্রতিবেদন আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তার জামিনও বহাল রেখেছে আদালত। গত ২৭ মার্চ গ্রেপ্তারের পর ৩১ মার্চ অশীতিপর আলীমকে শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মার্চ মো. আব্দুল আলীমকে গ্রেপ্তারে আদেশ দিয়েছিলো ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশের পর ওই দিনই জয়পুরহাটে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে আছেন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে গত বছরের ১৬ ডিসেম্বর অন্য একটি মামলায় আটকের তিন দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাও এখন কারাবন্দি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর একে একে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৫২ ঘ.