২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রামীণ ব্যাংক নতুন প্রতিষ্ঠান তৈরি করতে পারে না'

পর্যালোচনা কমিটি বলেছে, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলো এখতিয়ার বর্হিভূতভাবে তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যালোচনা কমিটি বলেছে, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলো এখতিয়ার বর্হিভূতভাবে তৈরি করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের অর্থে এসব প্রতিষ্ঠানের যাত্রা হলেও, শেয়ার দ্বারা সীমাবদ্ধ প্রতিষ্ঠান না হওয়ায় এগুলোর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কার্যত মালিকানাার সম্পর্ক নেই। তাই গ্রামীণ ব্যাংক বা অন্য কোন কতৃপক্ষের কাছে এসব প্রতিষ্ঠানের আসলে কোনো জবাবদিহিতাও নেই। বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে কমিটি। সোমবার অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরবর্তীতে বিষয়টি দেশ বিদেশের গণমাধ্যমসহ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন। এরপরই গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার এ কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রাক্তন অধ্যাপক আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের এ তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। তবে অব্যাহতির আদেশের বৈধতা নিয়ে তার একটি আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের নিজস্ব তহবিল পৃথক করে গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করা হয়েছে। পরে এসব সংস্থার অর্থায়নে ও ঋণে আরো প্রতিষ্ঠান তৈরি করা হয়। "কিন্তু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী গ্রামীণ ব্যাংক কর্তৃক এসব প্রতিষ্ঠান গঠন ও অর্থায়ন করতে পারে না। পুরো প্রক্রিয়াটি গ্রামীণ ব্যাংকের ক্ষমতা বহির্ভূত।" প্রতিবেদনে জানানো হয়, গ্রামীণ ফান্ডের অর্থায়ন ও ঋণে ১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এগুলো হলো, গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড , গ্রামীণ বাইটেক লিমিটেড, গ্রামীণ সাইবারনেট লি, গ্রামীণ নীটওয়্যার লি, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি, গ্রামীণ সলিউশন লি, গ্রামীণ আইটি পার্ক লি, টিউলিপ ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি, গ্লোব কিডস ডিজিটাল লি, গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লি, গ্রামীণ স্টার এডুকেশন লি, রফিক অটোভ্যান ম্যানুঃ ইন্ডাঃ লি, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ সামগ্রী। গ্রামীণ কল্যাণ কর্তৃক অর্থায়নকৃত (ইকুইটি/ঋণের মাধ্যমে) ১৩টি প্রতিষ্ঠান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- গ্রামীণ নীটওয়্যার লি, গ্রামীণ ব্যবসা বিকাশ, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি, গ্রামীণ আইটি পার্ক লি, গ্রামীণ সলিউশন লি, গ্রামীণ ডানন ফুডস লি, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লি, গ্রামীণ স্টার এডুকেশন লি, গ্রামীণ টেলিকম লি, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ ডিস্ট্রিবিউশন লি, গ্রামীণ ফেব্রিক্স এন্ড ফ্যাশনস, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। অন্যদিকে গ্রামীণ কল্যাণের অর্থায়নে প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকম অর্থায়ন করেছে আরো ১২টি প্রতিষ্ঠানকে। গ্রামীণ ব্যাংক এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টি প্রতিষ্ঠান গ্যারান্টি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি হিসেবে নিবন্ধিত। ব্যবস্থাপনা পরিচালকসহ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কমকর্তা ব্যক্তিগতভাবে ওই প্রতিষ্ঠানগুলোর গঠনে গ্যারান্টি দিয়েছেন। "কিন্তু গ্রামীণ ব্যাংকের নিয়মিত কর্মকর্তা হওয়ায় ড. ইউনূসসহ অন্যান্য গ্যারান্টি প্রদানকারীগণ পরিচালনা পর্ষদের অনুমতি ব্যতীত নতুন প্রতিষ্ঠান গঠনে সংযুক্ত হয়েছেন ও গ্যারান্টি প্রদান করেছেন যা আইন বর্হিভূত হয়েছে। কোনরকম অনুমোদন ছাড়াই তারা এসব প্রতিষ্ঠান গঠনে সম্পৃক্ত হয়েছেন।" পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া নতুন প্রতিষ্ঠান গঠনে সংযুক্ত হওয়া ও গ্যারান্টি দেওয়াও নিয়ম বর্হিভূত হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৪(৪) ধারানুযায়ী ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের পূর্ণকালীন প্রধান নির্বাহী। "কিন্তু ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের পর্ষদের অনুমোদন ব্যতিরেকেই ২০০৩ সাল পর্যন্ত গ্রামীণ পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানে চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বিষয়টিকে পরবর্তীতে বৈধতা দিতে ৩০ সেপ্টেম্বর ২০০৩ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় তাঁকে ২০টি প্রতিষ্ঠানের চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালনে "কার্যোত্তর অনুমতি" দেয়া হয়।" তিনি ছাড়া গ্রামীণ ব্যাংকের অন্য কমকর্তারা ৩০টি প্রতিষ্ঠানে পরিচালক পদে দায়িত্ব পালন করছেন- উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারেও ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নেই। "গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান গঠন গ্রামীণ ব্যাংকের ক্ষমতা বর্হিভূত হওয়ায় গ্রামীণ ব্যাংকের পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কর্মকর্তাদের এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালক পদে দায়িত্ব পালনে অনুমতি প্রদান করতে পারে না। সুতরাং, কার্যোত্তর অনুমতি প্রদান করে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ আবারও তাদের এখতিয়ার বহির্ভূত কাজ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২৩৬ ঘ.