কুমিল্লা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবির) নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি নিতে অপারগতা জানিয়েছেন কুমিল্লার দুই বিচারক। এ জন্য নিরাপত্তাহীনতাকে কারণ দেখিয়েছেন তারা।
দুই বিচারক হলেন- বিশেষ জেলা জজ মো. আবুল হোসেন ব্যাপারী ও জেলা জজ (নারী ও শিশু) দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ।
তারা সোমবার দুপুরে কুমিল্লার সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও তা না পাওয়ায় এবং ব্যক্তিগত গানম্যান না দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
আবুল হোসেন বলেন, "জেএমবির মামলা পরিচালনা করতে গিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সোমবার স্পর্শকাতর এক মামলায় বৃদ্ধ দুই পুলিশ সদস্যদের দিয়ে পাঁচজন জেএমবি সদস্যকে আমার আদালতে আনা হয়েছে। জেএমবির মতো আসামিদের পুলিশ এতো অবহেলার দৃষ্টিতে দেখছে এটা বিস্ময়কর।"
"দুই মাস আগে লিখিতভাবে কুমিল্লার পুলিশ সুপারকে বিশেষ নিরাপত্তার জন্য এবং জেলা জজদের গানম্যান দেওয়ার জন্য জানানো হলেও আজ পর্যন্ত তা হয়নি। তাই আমরা আর কোনো জেএমবির মামলা পরিচালনা করার ব্যাপারে অপারগতা প্রকাশ করবো", যোগ করেন তিনি।
উপস্থিত অপর জেলা জজ (নারী ও শিশু) দেওয়ান শফিউল্লাহও তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।
সোমবার চান্দিনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর বোমা হামলা চালানোর প্রচেষ্টা মামলার পাঁচ জন জেএমবি সদস্যকে বিশেষ জেলা জজ আদালতে আনা হয়।
নবম জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর চান্দিনা পথসভার পরপর র্যাব ও পুলিশ গ্রেনেড ও বিস্ফোরকসহ ওই পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬৪৬ ঘ.
bdnews24