২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে সংঘর্ষের ঘটনায় মামলা

রাজশাহীর চারঘাট উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামী জলসার আয়োজনের চেষ্টা করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

রাজশাহী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামী জলসার আয়োজনের চেষ্টা করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এতে চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ৪-৫ হাজার মানুষকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। চারঘাট থানার উপপরিদর্শক আবুল হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সমাজসেবক লুৎফর রহমানের আহ্বানে এলাকাবাসী চারঘাট সলুয়া ডিগ্রি কলেজ মাঠে শনিবার বেলা ২টায় 'তাফসিরুল কোরআন মাহফিল' এর আয়োজন করে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীকে এতে প্রধান বক্তা করা হয়। উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি থাকবেন বলে কয়েকদিন ধরে প্রচার করা হয়। এদিকে যুদ্ধাপরাধীর ছেলেকে মাহফিলে প্রধান বক্তা করায় স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর একাংশ আপত্তি তোলে। যুদ্ধাপরাধীর ছেলে রাজনৈতিক বক্তব্য রেখে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে এবং সেখানে বিএনপি ও জামায়াতের কর্মসূচি পালন করা হবে- এমন আশঙ্কা প্রকাশ করে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেয়। শনিবার সকাল থেকেই এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন কলেজ মাঠ ও আশপাশ এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। বেলা ৩টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে এলাকাবাসী জলসা আয়োজনের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটে। আহত হয় ৩০ জন। এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়। চারঘাট থানার ওসি হামিদুর রশিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, "আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪১ ঘ.