নারায়ণগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে রেললাইন এলাকায় জনি ডায়িং এন্ড প্রিন্টিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাজু আহম্মেদ (২৫) কারখানার ডায়িং সেকশনে কাজ করতেন। তার বাড়ি কুড়িগ্রামে।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক সাংবাদিকদের জানান, কারখানায় কাজ করার সময় মেশিনের একটি যন্ত্রাংশ খুলে পড়ে যায়। সেটি তুলতে গেলে রাজুর শরীরের কাপড় মেশিনে পেঁচিয়ে রোলারের ভেতরে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। কারখানার শ্রমিকেরা রাজুকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, রাজু মারা গেছে।
রাজুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
হাসপাতালের আবাসিক সার্জন তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, "ভারি কোনো বস্তুর চাপায় রাজুর মৃত্যু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৪৮ ঘ.
bdnews24