গাইবান্ধা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদীভাঙন রোধ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলাবাসী বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো ) কার্যালয় অবরোধ করে।
বুধবার দুপুরে সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটির বিক্ষুব্ধ সদস্যরা গাইবান্ধা পাউবো কার্যালয় অবরোধ কর্মসূচি পালন করে। এসময় তারা ওই কার্যালয়ে হামলা চালায় এবং ভাংচুর করে।
সাঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা নদীর ভাঙ্গন থেকে সাঘাটা থানা সদর রক্ষার জন্য চলতি অর্থ বছরে ১৩৭ কোটি টাকার নদীভাঙ্গন প্রতিরোধ প্রকল্প হাতে নেয় পাউবো। এজন্য গত ৮ মার্চ দরপত্র আহ্বান করা হলেও এখনো কাজ শুরু হয়নি।
এদিকে নদীর পানি বেড়ে যাওয়ায় গত তিন সপ্তাহে ৩৫টি বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া নদী থেকে মাত্র ২০০ গজ দূরে থানা, বাজার, স্কুল, ৩টি ব্যাংক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে এগুলো নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি জানান, এ কারণে সাঘাটা সর্বদলীয় নাগরিক কমিটি এক সপ্তাহ ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে।
সদর থানার ওসি মশিউর রহমান জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাঘাটা থেকে হাজার হাজার মানুষ গাইবান্ধায় এসে দুপুর ১২টার দিকে পাউবো কার্যালয় অবরোধ করে। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পাউবো কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ জনতা দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রসাশকের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। তখন ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে।
এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, "আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাঘাটা থানা সদর রক্ষা প্রকল্প অনিশ্চিত হয়ে পড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৪১ ঘ.
bdnews24