ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। 'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "১৯৬১ সালে প্রণীত অধ্যাদেশটি এখনো বহাল থাকায় সরকার অনুমোদিত স্কুল-কলেজে চাকরিরতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।"
২০০৯ সালে প্রণীত ইউপি আইন অনুযায়ী সরকার অনুমোদিত স্কুল বা কলেজের শিক্ষক-কর্মকচারীদের পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা না থাকলেও ১৯৬১ সালের ওই অধ্যাদেশে তাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া আছে।
অবশ্য এর আগে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিয়েছেন। সে সময় ইসির পক্ষ থেকে বলা হয়েছিলো- 'লাভজনক' না হওয়ায় স্বপদে থেকে তাদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, "স্থানীয় নির্বাচনে এরই মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী, সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।
এই ধারাটি নজরে আসার পর ইউপি নির্বাচনে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে ওই অধ্যাদেশের বিষয়ে জানাতে গত সপ্তাহে শিক্ষামন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। জবাবে মন্ত্রণালয় থেকে জানানো হয়, অধ্যাদেশটি এখানো বহাল রয়েছে।
আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত শেষ ধাপে দেশের ৪১৪ উপজেলার ৩৮১৩টি ইউপিতে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24