চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার একটি দল ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় ছিনতাই হওয়া প্রাইভেটকার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়।
বুধবার দুপুরে সিএমপি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপি কমিশনার আবুল কাশেম।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন জিহাদ (২২), বাবুল হোসেন (২০), মো. তারেক হোসেন (২৫), মাজহারুল ইসলাম বুলবুল (২৪) ও রতন মিয়া (৩০)।
এদের মধ্যে রতন নিজেকে গাড়ির ক্রেতা বলে পরিচয় দিয়েছে।
গত ৩০ মার্চ হালিশহর থানার বেড়ি বাধ সংলগ্ন টোল সড়কে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গতিরোধ করে আসলাম জাবেদ নামে এক ব্যক্তির প্রাইভেটকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সিএমপি কমিশনার জানান, মঙ্গলবার এ ঘটনায় জড়িত জিহাদকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুল, তারেক ও বুলবুলকে সন্ধ্যায় নগরীর অলঙ্কার মোড় এলাকায় একটি বাস থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাজধানীর আশুলিয়া থানার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সামনে থেকে দুপুরে ছিনতাই হওয়া প্রাইভেট কারসহ রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
রতন সাংবাদিকদের জানান, নজরুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকায় তিনি প্রাইভেট কারটি কিনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এএল/১৯৫০ ঘ.
bdnews24