২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা মালিকরা সময় পেলেন

চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশার মিটারে বাধ্যতামূলক চলাচল শুরুর সময় দুদিন বাড়িয়েছে মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশার মিটারে বাধ্যতামূলক চলাচল শুরুর সময় দুদিন বাড়িয়েছে মহানগর পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবুল কাশেম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল থেকে এ চলাচল বাধ্যতামূলক হবে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করে অটোরিকশা মালিকরা। এসব দাবি পূরণ না হলে সিএমপির সময়সীমা না মানার ঘোষণা দেয় তারা। এর পরদিনই সময় পেছালো সিএমপি। এর আগে প্রথমে ১০ এপ্রিল ও পরে ২৫ এপ্রিল থেকে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল সিএমপি। সিএমপি কমিশনার আবুল কাশেম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর করবেন। এর পরদিন থেকে মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু হবে। মালিকদের দাবি বিষয়ে তিনি জানান, ২৬ এপ্রিলের পরেই যে কোনোদিন চালক, মালিক, মিটার সংযোজনকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হবে। তাদের সমস্যা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে চলাচলকারী প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশার মিটারে নতুন ভাড়া সংযোজনের কাজ (ক্যালিব্রেশন) করছে পাঁচটি প্রতিষ্ঠান। চালক ও মালিকদের অভিযোগ, এ পাঁচটি প্রতিষ্ঠানের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ক্যালিব্রেশন শেষ করা সম্ভব নয়। এ বিষয়টি স্বীকার করে নিয়ে সিএমপি কমিশনার বলেন, "যত দ্রুত করা দরকার তত দ্রুত মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান কাজ করতে পারছে না। নতুন ভাড়া সংযোজনের কাজ শেষ হওয়ার আগেই যদি আমরা কোনো অটোরিকশার বিরুদ্ধে মামলা দিই তা হবে অযৌক্তিক।" মিটার সংযোজন ও ক্যালিব্রেশনে 'যুক্তিসংগত যে সময়' লাগে তা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, "মিটারে চলাচল বাধ্যতামূলক করার বিষয়ে সবাই একমত। অবশ্যই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।" চলতি মাসে তিন দফায় চালক, মালিক, মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান, বিআরটি'র সাথে আলোচনা করে দুই দফায় মিটারে অটোরকিশা চলাচলের সময় পুনঃনির্ধারণ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৫৫ ঘ.