ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২৯ কোটি টাকা পাচারের অভিযোগে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) উপ-ব্যবস্থাপক (সাময়িক বরখাস্তকৃত) আরশাদ হোসেন এবং তার স্ত্রী লুবনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ধানমন্ডি থানার সহকারি উপপরিদর্শক শহীদুল ইসলাম বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের সহকারি পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ২৮ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জালিয়াতির মাধ্যমে উপার্জন, সম্পদের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর এবং রূপান্তর করেছেন।
এ ছাড়া রাজধানীর ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, গুলশান, ইস্কাটন ও উত্তরায় আসামিদের ১৮টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৪৩ ঘ.
bdnews24